পরিবেশের ভারসাম্য রক্ষা ও জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় দেশজুড়ে বৃক্ষরোপণ কর্মসূচি শুরু হয়েছে। গোদাগাড়ী পৌরসভায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। একই দিনে কক্সবাজারের ডুলাহাজারায় ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
শনিবার দুপুরে গোদাগাড়ী পৌরসভা প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক ইসরাত জাহান বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণের মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করেন। এ সময় পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরাও উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে ইসরাত জাহান বলেন, পরিবেশ রক্ষা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে ব্যাপকভাবে বৃক্ষরোপণের বিকল্প নেই। শুধু গাছ লাগালেই হবে না প্রতিটি গাছের পরিচর্যাও নিশ্চিত করতে হবে।
পৌরসভা সূত্রে জানা গেছে ১৮০ দিনে ১ হাজার বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় এ উদ্যোগ নেওয়া হয়েছে। পর্যায়ক্রমে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান সড়কের পাশে ও খালি জায়গায় গাছের চারা রোপণ করা হবে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পৌর নির্বাহী কর্মকর্তা সারওয়ার জাহান, হিসাব রক্ষণ কর্মকর্তা হেলাল উদ্দীন, সহকারী কর আদায়কারী আবু সাঈদ ফিরোজ এবং এসেসর মো. খাইরুল ইসলামসহ পৌরসভার বিভিন্ন কর্মকর্তা-কর্মচারী। এদিকে কক্সবাজারের ডুলাহাজারায় আয়োজিত কেন্দ্রীয় অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ০৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন করেন।
সরকারের এ কর্মসূচির আওতায় আগামী পাঁচ বছরে সারা দেশে ২৫ কোটি গাছের চারা রোপণ করা হবে। বনাঞ্চল সম্প্রসারণ, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।