রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের (আরডিএ) চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন রাজশাহী মহানগর বিএনপির সহ-সভাপতি ও মহানগর যুবদলের সাবেক সভাপতি আবুল কালাম আজাদ সুইট। বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের (চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা) উপসচিব মো. গোলাম রব্বানী স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এক বছরের জন্য তাকে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষ আইন, ২০১৮-এর ধারা ৫(২) অনুযায়ী তাকে চুক্তিভিত্তিক নিয়োগ প্রদান করেছে সরকার। অন্য কোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি বা বেসরকারি প্রতিষ্ঠানের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে যোগদানের তারিখ থেকে এক বছরের জন্য এ নিয়োগ কার্যকর হবে। এতে আরও উল্লেখ করা হয়েছে, নিয়োগের অন্যান্য শর্তাবলি চুক্তিপত্রের মাধ্যমে নির্ধারণ করা হবে। জনস্বার্থে এ আদেশ জারি করা হয়েছে বলেও প্রজ্ঞাপনে জানানো হয়।
আরডিএ’র নবনিযুক্ত চেয়ারম্যান আবুল কালাম আজাদ সুইট বলেন, এই দায়িত্ব পাওয়ায় বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন। তিনি বলেন, নিষ্ঠার সঙ্গে রাজশাহীর উন্নয়নে দায়িত্ব পালন করতে তিনি সবার কাছে দোয়া চেয়েছেন।