রাজশাহীর কাটাখালী সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ৫৫ বোতল ভারতীয় জেডি মদ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
মঙ্গলবার রাত ১২টার রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি) এর খানপুর বিওপির একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে কাটাখালী থানার খানপুর মধ্যপাড়া এলাকার নদীর চরে অভিযান পরিচালনা করে। খবর ছিল, ওই পথ দিয়ে মাদকদ্রব্যের একটি চালান বাংলাদেশে প্রবেশ করবে। বিজিবির অধিনায়কের কার্যালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বিজিবি জানায়, অভিযানের সময় একজন সন্দেহভাজন ব্যক্তি মাথায় একটি বস্তা নিয়ে আসতে থাকলে বিজিবি সদস্যরা তাকে ধাওয়া করেন। এ সময় ওই ব্যক্তি বস্তাটি ফেলে নদীতে ঝাঁপ দিয়ে রাতের অন্ধকারে পালিয়ে যায়। পরে ফেলে যাওয়া বস্তা তল্লাশি করে মালিকবিহীন ৫৫ বোতল ভারতীয় জেডি মদ জব্দ করা হয়। জব্দকৃত মদ কাটাখালী থানায় জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।