রাজশাহী মহানগরীতে আরএমপি পুলিশ কমিশনারের প্রত্যক্ষ তত্ত্বাবধানে কাটাখালী, শাহমখদুম, বেলপুকুর থানা এবং কাশিয়াডাঙ্গা থানার কেশবপুর পুলিশ ফাঁড়ির পৃথক পৃথক অভিযানে ৬ জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।
সোমবার সন্ধ্যা পৌনে ৭ টার দিকে কাটাখালী থানার চক কাপাসিয়া এলাকা থেকে মজনুকে, সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে শাহমখদুম থানার বড়বনগ্রাম শেখপাড়া এলাকা হতে রতন ও সাদরুলকে, রাত ১১ টার দিকে বেলপুকুর থানার মাহেন্দ্রা এলাকা থেকে সাইদকে, রোববার রাত পৌনে ১১ টার দিকে একই থানার দক্ষিণ জামিরা এলাকা থেকে আল-আমিনকে এবং সোমবার দুপুর ১ টার দিকে কাশিয়াডাঙ্গা থানার হড়গ্রাম মুন্সিপাড়া এলাকা থেকে মেহেদীকে আটক করা হয়।
গ্রেপ্তারকৃত আসামিরা হলেন- মজনু আলী (৩৮) কাটাখালী থানার চক কাপাসিয়া গ্রামের মকবুল হোসেনের ছেলে, রতন আলী (৪৫); শাহমখদুম থানার বড়বনগ্রাম শেখপাড়া গ্রামের আবু তাহেরের ছেলে, সাদরুল ইসলাম (৩৮) একই থানার বড়বনগ্রাম মাস্টারপাড়া গ্রামের মো: মোকসেদ আলীর ছেলে, সাইদ আলী (৩৮) বেলপুকুর থানার মাহেন্দ্রা গ্রামের মো: ওমর আলীর ছেলে, আল-আমিন (২২) একই থানার দক্ষিণ জামিরা গ্রামের তেসান আলীর ছেলে এবং মেহেদী হাসান ওরফে হাসান (২৭)। কাশিয়াডাঙ্গা থানার হড়গ্রাম নতুনপাড়া গ্রামের আ: রহমানের ছেলে সকলেই রাজশাহী মহানগরীতে বসবাস করেন।
আরএমপির উপ-কমিশনার গাজিউর রহমানের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করা হয়েছে। বিজ্ঞপ্তিতে পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত আসামিদের দেহ তল্লাশি করে মোট ১৫৫ গ্রাম গাঁজা, ১৬ পিস ইয়াবা ও ২ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃত আসামি আল-আমিনের বিরুদ্ধে আরএমপি’র বেলপুকুর থানায় মাদক ও অস্ত্র আইনে ১টি করে মামলা চলমান রয়েছে। গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক পৃথক মামলা রুজু করে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।