রাজশাহীতে ইউসিসি বিশ্ববিদ্যালয় ভর্তি কোচিংয়ের উদ্যোগে বিশ্ববিদ্যালয়ে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের নিয়ে এক বর্ণাঢ্য ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে নগরীর সিএন্ডবি মোড়ে জেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে শিক্ষার্থী ও অভিভাবকদের নিয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউসিসি গ্রুপের চেয়ারম্যান ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক সিনেট সদস্য ড. এম এ হালিম পাটওয়ারী। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক ও ইউসিসির ইংরেজি শিক্ষক আবিদুল ইসলাম খান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের (আরটিজেএ) সভাপতি শ ম সাজু, রাজশাহী সিটি করপোরেশনের সহকারী প্রকৌশলী ইঞ্জিনিয়ার সায়েরা কাউসারী রাচি, প্রাণিসম্পদ বিজ্ঞানী ও পিএইচডি ফেলো হোসেন আলী ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২২-২৩ সেশনের ১ম ও ইউসিসির বাংলা শিক্ষক অয়ন চক্রবর্তী।
অনুষ্ঠানে বক্তারা বলেন, শুধু একাডেমিক শিক্ষাই নয়, মানবিক মূল্যবোধ ও নৈতিক শিক্ষাও সমান গুরুত্বপূর্ণ। বর্তমান প্রতিযোগিতামূলক সময়ে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে হলে শিক্ষার্থীদের নিয়মিত অধ্যয়ন, আত্মবিশ্বাস ও সঠিক গাইডলাইনের বিকল্প নেই। শিক্ষার্থীদের স্বপ্ন পূরণে কঠোর পরিশ্রম করতে হবে। সময়কে সঠিকভাবে কাজে লাগাতে পারলে এবং পরিকল্পিতভাবে পড়াশোনা করলে কাঙ্ক্ষিত বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া সম্ভব। মেধা ও পরিশ্রমের সমন্বয়ই একজন শিক্ষার্থীকে সফলতার শিখরে পৌঁছে দিতে পারে।
ওরিয়েন্টেশন অনুষ্ঠানে ইউসিসির বিভিন্ন কোর্স, ক্লাস কার্যক্রম, মডেল টেস্ট পদ্ধতি ও ভর্তি প্রস্তুতি বিষয়ক দিকনির্দেশনা তুলে ধরা হয়। পরে গত সেশনে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভতি পরীক্ষায় কৃতিত্বের স্বাক্ষর রাখা শিক্ষার্থীদের সম্মাননা ক্রেস্ট ও উপহার তুলে দেন অতিথিবৃন্দ। অনুষ্ঠানে রাজশাহী ও আশপাশের বিভিন্ন এলাকার বিপুল সংখ্যক শিক্ষার্থী ও অভিভাবক অংশ নেন।