বাড়ি নির্মাণ কাজে দুর্বৃত্তদের চাঁদা না দেওয়ায় এক কৃষকের ২৫টি আমগাছসহ অর্ধশতাধিক বিভিন্ন জাতের ফলস গাছ কেটে ফেলা হয়েছে বলে অভিযোগ উঠেছে। মঙ্গলবার বাগমারার যোগীপাড়া ইউনিয়নের ভটখালী গ্রামে ঘটেছে।
এ ঘটনায় বৃহস্পতিবার থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী মোঃ বিষু আলী সাকিদার। অভিযোগ সূত্রে জানা গেছে, বিষু আলী সম্প্রতি ভটখালী ব্রিজের পাশে বাড়ির নির্মাণ কাজ শুরু করেন।
এজন্য প্রতিবেশী ওহাব আলীর নেতৃত্বে সাইফুল ইসলাম, নূর বক্স, দুলাল হোসেন ও আব্দুর রাজ্জাকসহ এলাকার চিহ্নিত একটি সংঘবদ্ধ চক্র তার কাছে দশ হাজার টাকা চাঁদা দাবি করে। বিষু আলী চাঁদা দিতে রাজি না হওয়ায় ধারালো অস্ত্রশস্ত্র নিয়ে বাগানে প্রবেশ করে ২৫টি আমগাছ, ৩টি মাল্টা গাছ ও ২০টি সজনে গাছ প্রকাশ্যে কেটে ফেলে। ভুক্তভোগী বিষু আলী জানান, গাছ কাটতে বাধা দিতে গেলে অভিযুক্তরা তাকে বিভিন্ন ধরনের ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি দেয়।
এ বিষয়ে যোগাযোগ করা হলে বাগমারা থানার অফিসার ইনচার্জ (ওসি) জিল্লুর রহমান বলেন, এই ঘটনায় অভিযোগ পাওয়া মাত্রই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।