পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে রাজশাহীর কামারপল্লী ও বিভিন্ন পশুর হাটে এখন দম ফেলার ফুরসত নেই কামারদের। সকাল থেকে গভীর রাত পর্যন্ত আগুনের তাপে লোহা গলিয়ে ছুরি, চাপাতি, দা, বটি ও হাড় কাটার যন্ত্রপাতি তৈরিতে ব্যস্ত সময় পার করছেন তারা। ঈদ যত ঘনিয়ে আসছে, ততই বাড়ছে কোরবানির সরঞ্জামের চাহিদা। সেই সঙ্গে বেড়েছে এসব পণ্যের দামও।
বৃহস্পতিবার নগরীর সিটিহাট , কাটাখালি ও বিভিন্ন পশুর হাট ঘুরে দেখা যায়, কামারদের দোকানে প্রতিদিনই বাড়ছে ক্রেতাদের ভিড়। অনেকেই গরু কেনার পাশাপাশি একই স্থান থেকে প্রয়োজনীয় কোরবানির সরঞ্জামও কিনে নিচ্ছেন। এতে একদিকে যেমন সময় বাঁচছে, অন্যদিকে কয়েকগুণ বেড়েছে কামারদের বিক্রি।
বর্তমানে লোহার তৈরি ছুরি, চাপাতি ও বটির দাম প্রতি কেজি ৮০০ টাকা বা তারও বেশি দরে বিক্রি হচ্ছে। গত বছর একই পণ্যের দাম ছিল ৬৫০ থেকে ৭০০ টাকার মধ্যে। প্রতিটি ছুরি ও চাপাতিতে ১০০ থেকে ১৫০ টাকা পর্যন্ত দাম বেড়েছে বলে জানিয়েছেন বিক্রেতারা। তাদের দাবি, লোহা, কয়লা ও স্টিলের দাম বৃদ্ধির কারণেই বাড়াতে হয়েছে পণ্যের মূল্য।
সরেজমিনে দেখা যায়, পশুর হাটের ভেতরেই অস্থায়ী কামারশালা বসিয়ে বিক্রি করা হচ্ছে বিভিন্ন ধরনের ছুরি, চাপাতি, দা, বটি ও হাড় কাটার যন্ত্রপাতি। আগুনের লেলিহান শিখার সামনে দাঁড়িয়ে কেউ হাতুড়ি দিয়ে পেটাচ্ছেন গরম লোহা, কেউ আবার নতুন ছুরিতে ধার দিচ্ছেন। কোথাও পুরোনো দা ও ছুরি শান দিয়ে নতুনের মতো তৈরি করে দিচ্ছেন কামাররা।
কামারদের সঙ্গে কথা বলে জানা গেছে, ঈদুল আজহার অন্তত এক মাস আগে থেকেই তাদের ব্যস্ততা শুরু হয়। তবে ঈদের শেষ ১০ দিনে কাজের চাপ সবচেয়ে বেশি থাকে। অনেক সময় রাতভর কাজ করেও অর্ডার শেষ করা যায় না। বিশেষ করে বড় গরু জবাইয়ের জন্য ভারী চাপাতি ও হাড় কাটার যন্ত্রপাতির চাহিদা এবার বেশি।
কাটাখালী এলাকার কামারী আরিফুল ইসলাম বলেন, গত বছরের তুলনায় এ বছর কোরবানির সরঞ্জামের দাম অনেক বেড়েছে। আন্তর্জাতিক বাজারে কাঁচামালের দাম বৃদ্ধি, কয়লা ও স্টিলের মূল্য বৃদ্ধি, পরিবহন ব্যয় এবং শ্রমিক মজুরি বাড়ায় উৎপাদন খরচও বেড়েছে।
সিটি হাটে সরঞ্জাম বিক্রি করা আব্দুল মতিন বলেন, প্রতি বছর ঈদের আগে এই সময়টাতে আমাদের ব্যবসা ভালো হয়। তবে এ বছর কাঁচামালের দাম অনেক বেড়ে গেছে। বাধ্য হয়েই ছুরি, চাপাতি ও বটির দাম বাড়াতে হয়েছে। গত বছরের তুলনায় প্রতিটি সরঞ্জামে ১০০ থেকে ১৫০ টাকা বেশি নিতে হচ্ছে। অনেক ক্রেতা দাম শুনে ফিরে যাচ্ছেন, আবার প্রয়োজনের কারণে অনেকেই কিনেও নিচ্ছেন। তিনি আরও বলেন, আগে দিনে ১৫ থেকে ২০টি ছুরি বিক্রি হতো। এখন দিনে ৫০ থেকে ৬০টিও বিক্রি হচ্ছে। ঈদের শেষ কয়েকদিনে দোকানে দাঁড়ানোর জায়গা থাকে না।
নগরীর খাটাখালী এলাকা থেকে কোরবানির গরু কিনতে আসা আসিনুল হক বলেন, গরু কেনার পর আবার আলাদা করে বাজারে গিয়ে সরঞ্জাম কেনা ঝামেলার। এখানে একই জায়গায় সব পাওয়া যাচ্ছে, এটা সুবিধাজনক। আমি দুটি ছুরি ও একটি বটি কিনেছি। বাজারের তুলনায় দাম একটু বেশি মনে হয়েছে, তবে প্রয়োজন বলে কিনে নিয়েছি।
কয়েকজন কামার জানান, শুধু নতুন সরঞ্জাম বিক্রিই নয়, পুরোনো দা, ছুরি ও চাপাতি শান দেওয়ার কাজও বেড়েছে। অনেকেই পুরোনো সরঞ্জাম নতুন করে ধার দিয়ে ব্যবহার করতে চান। এতে অতিরিক্ত আয় হলেও কাজের চাপও কয়েকগুণ বেড়েছে।
নগরীর সিটি হাটের কামার ব্যবসায়ী আব্দুল জব্বার বলেন, ঈদ যত ঘনিয়ে আসছে, ততই ক্রেতার সংখ্যা বাড়ছে। বিশেষ করে শেষ এক সপ্তাহে ছুরি-চাপাতির বিক্রি কয়েকগুণ বেড়ে যায়। এবার দাম একটু বেশি হলেও ভালো মানের জিনিসের চাহিদা রয়েছে। আমরা চেষ্টা করছি ক্রেতাদের সাধ্যের মধ্যে ভালো পণ্য দিতে।