রাজশাহী নগরীর মতিহার থানার খোঁজাপুর এলাকায় সংঘটিত গোলাম মোস্তফা হত্যা মামলার প্রধান আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে আসামি হাসিবুল ইসলামকে গ্রেপ্তার করে মতিহার থানা পুলিশ। এ সময় তার কাছ থেকে একটি পিস্তল, একটি ম্যাগাজিন ও তিন রাউন্ড গুলি উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃত হাসিবুল ইসলাম (৪২) নগরীর মতিহার থানার ডাঁশমারী এলাকার মৃত রমজান মোল্লার ছেলে। নিহত গোলাম মোস্তফা একই এলাকার মৃত তৈমুর আলীর ছেলে।
বুধবার দুপুরে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন গাজিউর রহমান। তিনি জানান, চলতি বছরের ১৪ ফেব্রুয়ারি রাতে এশার নামাজ আদায়ের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হওয়ার সময় পূর্বপরিকল্পিতভাবে গোলাম মোস্তফাকে গুলি করে হত্যা করা হয়। পরে তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তৎপরতার মাধ্যমে হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন করে পুলিশ।
সংবাদ সম্মেলনে উপপুলিশ কমিশনার গাজিউর রহমান বলেন, রাজশাহী শান্তির নগরী। নগরবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে আরএমপির সদস্যরা সার্বক্ষণিক কাজ করছেন। তিনি আরও জানান, কিশোর গ্যাং সদস্যদের তালিকা প্রস্তুত করা হয়েছে এবং অভিযুক্তদের পর্যায়ক্রমে গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে।