রাজশাহীতে তথ্য অধিকার আইন সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং এর কার্যকর প্রয়োগ নিয়ে “তথ্য অধিকার বিষয়ক অংশীজন প্রশিক্ষণ” অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৯ মে) নগরীর সাহেববাজার এলাকার একটি রেস্তোরাঁয় দিনব্যাপী এ প্রশিক্ষণের আয়োজন করে বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা)।
প্রশিক্ষণে রাজশাহী বিভাগের আট জেলার সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের প্রতিনিধি, এনজিও নেতৃবৃন্দ, শিক্ষার্থী ও আইনজীবীসহ মোট ২৫ জন অংশগ্রহণ করেন।
আয়োজকরা জানান, তথ্য অধিকার আইন সম্পর্কে অংশগ্রহণকারীদের জ্ঞান বৃদ্ধি, আইনটির ব্যবহারিক প্রয়োগ সম্পর্কে ধারণা প্রদান এবং তথ্যপ্রাপ্তির অধিকার নিশ্চিত করতে সচেতনতা তৈরির লক্ষ্যে এ কর্মশালার আয়োজন করা হয়।
কর্মশালায় তথ্য অধিকার আইন, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এবং আবেদন প্রক্রিয়া নিয়ে বিস্তারিত আলোচনা করেন বেলার রাজশাহী ও রংপুর বিভাগের সমন্বয়কারী তন্ময় কুমার সান্যাল। তিনি তথ্য অধিকার আইনের আওতায় আবেদন দাখিল, নির্ধারিত সময়ে তথ্য না পেলে আপিল এবং প্রয়োজনে তথ্য কমিশনে অভিযোগ করার পদ্ধতি সম্পর্কে অংশগ্রহণকারীদের বাস্তবভিত্তিক ধারণা দেন। পাশাপাশি জনস্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে তথ্য সংগ্রহ ও জবাবদিহিতা নিশ্চিত করতে এ আইনের গুরুত্ব তুলে ধরেন।
এছাড়া বেলার প্রোগ্রাম ও ফিল্ড কো-অর্ডিনেটর এএমএম মামুন তথ্য অধিকার আইন ব্যবহারের মাধ্যমে পরিবেশ, ভূমি, পানি ও জনস্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে তথ্য সংগ্রহের অভিজ্ঞতা তুলে ধরেন। তিনি আইনটির কার্যকর বাস্তবায়নে নাগরিক অংশগ্রহণের গুরুত্বের ওপর জোর দেন।
তথ্য অধিকার আইনের ব্যবহার ও বাস্তবায়নের ক্ষেত্রে বিদ্যমান চ্যালেঞ্জ নিয়ে আলোচনা করেন রাজশাহী জেলা তথ্য অফিসের উপপরিচালক নাফেয়ালা নাসরিন। তিনি সরকারি দপ্তরে তথ্য সংরক্ষণ ও সরবরাহ ব্যবস্থার সীমাবদ্ধতা, সচেতনতার অভাব এবং আবেদন প্রক্রিয়ায় নাগরিকদের সম্মুখীন হওয়া বিভিন্ন প্রতিবন্ধকতার কথা তুলে ধরেন। একই সঙ্গে এসব চ্যালেঞ্জ মোকাবিলায় সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের সমন্বিত উদ্যোগের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন।
প্রশিক্ষণের অংশ হিসেবে অংশগ্রহণকারীরা তিনটি দলে বিভক্ত হয়ে বিভিন্ন বিষয়ে তথ্য অধিকার আইনের আওতায় আবেদনপত্র প্রস্তুত ও উপস্থাপন করেন। এ কার্যক্রমের মাধ্যমে তারা হাতে-কলমে আবেদন প্রক্রিয়া সম্পর্কে বাস্তব অভিজ্ঞতা অর্জনের সুযোগ পান।
মুক্ত আলোচনায় বক্তারা বলেন, তথ্য অধিকার আইন তথ্যপ্রাপ্তি নিশ্চিত করার একটি গুরুত্বপূর্ণ হাতিয়ার। এ আইনের কার্যকর বাস্তবায়নের মাধ্যমে রাষ্ট্রে স্বচ্ছতা ও জবাবদিহিতা প্রতিষ্ঠা, দুর্নীতি হ্রাস এবং গণতান্ত্রিক চর্চা আরও শক্তিশালী হবে। একই সঙ্গে নাগরিকদের তথ্য অধিকার সম্পর্কে সচেতন হয়ে আইনটির যথাযথ ব্যবহার নিশ্চিত করার আহ্বান জানানো হয়।