বিশ্ব উচ্চ রক্তচাপ দিবস-২০২৬ উপলক্ষে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট বিভিন্ন গণমুখী কর্মসূচির আয়োজন করেছে। এবারের প্রতিপাদ্য ছিল “একসাথে উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করি; নীরব ঘাতককে জয় করি।” রোববার বেলা ১০টায় বর্ণাঢ্য র্যালি ও পাঁচ দিনব্যাপী বিনামূল্যে ইসিজি, ডায়াবেটিস পরীক্ষা এবং চিকিৎসাসেবার উদ্বোধন করেন বিভাগীয় কমিশনার ড. আ. ন. ম. বজলুর রশীদ।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতাল ইতোমধ্যে প্রান্তিক জনগোষ্ঠীর হৃদরোগ চিকিৎসায় আস্থার জায়গা তৈরি করেছে। পাঁচ দিনব্যাপী বিনামূল্যের এ চিকিৎসাসেবা সাধারণ মানুষকে উপকৃত করবে এবং উচ্চ রক্তচাপের ক্ষতিকর দিক সম্পর্কে জনসচেতনতা বাড়াতে সহায়ক হবে।
পরে অনুষ্ঠিত সেমিনার ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাঃ মোঃ হাবিবুর রহমান এবং বিশেষ অতিথি ছিলেন ডাঃ এস আই এম রাজিউল করিম।
সেমিনারে উপস্থাপনা করেন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের কার্ডিওলজি বিভাগের বিভাগীয় প্রধান ডাঃ মোল্লা মোঃ ইফতেখার হোসেন এবং হৃদরোগ বিশেষজ্ঞ ডাঃ এ.এস এম সায়েম। মূখ্য আলোচক হিসেবে বক্তব্য দেন ফাউন্ডেশন হাসপাতালের চিফ কনসালট্যান্ট ও ডাইরেক্টর (মেডিকেল সার্ভিসেস) প্রফেসর ডাঃ মোঃ রইছ উদ্দিন।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক খন্দকার মিজানুর রহমান খোকন। সভায় সভাপতিত্ব করেন কার্যনির্বাহী পরিষদের সভাপতি মোঃ আব্দুল মান্নান।
আলোচনায় বক্তারা বলেন, উচ্চ রক্তচাপ হৃদরোগ, স্ট্রোক, অন্ধত্ব ও কিডনি জটিলতার অন্যতম কারণ। এ থেকে রক্ষা পেতে স্বাস্থ্যকর জীবনযাপন, কম চর্বিযুক্ত খাবার গ্রহণ, পর্যাপ্ত শাকসবজি ও মাছ খাওয়া, সপ্তাহে অন্তত পাঁচ দিন ৩০ থেকে ৪০ মিনিট হাঁটা, অতিরিক্ত লবণ পরিহার, মানসিক চাপ কমানো এবং ধূমপান ও মাদক থেকে বিরত থাকার পরামর্শ দেওয়া হয়।
সভায় কার্যনির্বাহী পরিষদের সহ-সভাপতি-২ মোঃ হাসেন আলী আয়োজকদের ধন্যবাদ জানান। প্রধান অতিথি ড. মোঃ হাবিবুর রহমান বলেন, উচ্চ রক্তচাপ প্রতিরোধে গণসচেতনতা বৃদ্ধির কোনো বিকল্প নেই। একই সঙ্গে তিনি হাসপাতালটিকে আরও রোগীবান্ধব করার আহ্বান জানান।
সমাপনী বক্তব্যে সভাপতি বলেন, ফাউন্ডেশন প্রতি বছর উচ্চ রক্তচাপ দিবস উপলক্ষে লিফলেট বিতরণসহ বিভিন্ন সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। পাশাপাশি হাসপাতালের যাকাত ফান্ড থেকে দরিদ্র রোগীদের চিকিৎসা সহায়তা দেওয়া হচ্ছে।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন প্রফেসর মোঃ হবিবুর রহমান। তিনি বলেন, ফাউন্ডেশন হাসপাতাল বৃহত্তর রাজশাহী অঞ্চলে হৃদরোগ চিকিৎসায় আস্থার কেন্দ্র হিসেবে গড়ে উঠছে। ভবিষ্যতে সকল শ্রেণির মানুষের জন্য আরও সুলভ মূল্যে চিকিৎসাসেবা নিশ্চিত করার পরিকল্পনা নেওয়া হয়েছে।
এসময় কার্যনির্বাহী পরিষদের বিভিন্ন সদস্য, চিকিৎসক, নার্স, কর্মকর্তা-কর্মচারী ও আজীবন সদস্যরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন মোঃ এনামুল হক এবং মেডিকেল অফিসার ডাঃ খাদিজাতুল কুবরা। পাঁচ দিনব্যাপী বিনামূল্যের চিকিৎসাসেবার প্রথম দিনেই প্রায় ১০০ রোগীকে ইসিজি, ডায়াবেটিস পরীক্ষা ও চিকিৎসাসেবা প্রদান করা হয়েছে।