রাজশাহী জেলার জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম চারঘাট উপজেলায় চলমান খাল পুনঃখনন কার্যক্রম পরিদর্শন করেছেন। প্রধানমন্ত্রীর ১৮০ দিনের অগ্রাধিকারমূলক কর্মসূচির আওতায় পরিচালিত এ কার্যক্রম বৃহস্পতিবার পরিদর্শন করেন তিনি।
পরিদর্শনকালে জেলা প্রশাসক স্থানীয় জনগণ, জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় তিনি খাল পুনঃখননের মাধ্যমে কৃষি উৎপাদন বৃদ্ধি, সেচ ব্যবস্থার উন্নয়ন, জলাবদ্ধতা নিরসন এবং পরিবেশগত ভারসাম্য রক্ষায় সম্ভাব্য সুফল নিয়ে আলোচনা করেন। এছাড়াও প্রকল্প বাস্তবায়নে বিদ্যমান সমস্যা, প্রতিবন্ধকতা এবং তা সমাধানের উপায় সম্পর্কে সংশ্লিষ্টদের মতামত গ্রহণ করেন জেলা প্রশাসক।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, খালটির প্রাক্কলিত দৈর্ঘ্য ১০ দশমিক ৪ কিলোমিটার। এর মধ্যে ইতোমধ্যে ২ দশমিক ২০ কিলোমিটার খনন কাজ সম্পন্ন হয়েছে। প্রকল্পটি পুরোপুরি বাস্তবায়িত হলে এলাকার পানি নিষ্কাশন ব্যবস্থা উন্নত হওয়ার পাশাপাশি কৃষি উৎপাদন বৃদ্ধি এবং স্থানীয় জনগণের জীবনমান উন্নয়নে ইতিবাচক প্রভাব পড়বে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।