রাজশাহী সীমান্তে অভিযান চালিয়ে ৩ হাজার ৩০০ পিস ট্যাপেনটাডল ট্যাবলেট জব্দ করেছে বিজিবি। বুধবার রাত সাড়ে ৯ টার দিকে কাটাখালী থানার পূর্বখানপুর এলাকায় এ অভিযান পরিচালনা করা এসব জব্দ করা হয়।
বিজিবির অধিনায়কের কার্যালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বিজিবি জানায়, খবর পেয়ে খানপুর বিওপি’র একটি চৌকস আভিযানিক দল পদ্মা নদীর চরের ঝাউ বনের ভেতরে অবস্থান নেয়। একপর্যায়ে বিজিবি সদস্যরা একজন সন্দেহভাজন মাদক কারবারীকে পদ্মা নদীর চর দিয়ে আসতে দেখে তাকে ধাওয়া করে। এ সময় ওই ব্যক্তি তার কাছে থাকা একটি প্লাস্টিকের ব্যাগ ফেলে পালিয়ে যায়। পরে ফেলে যাওয়া ব্যাগটি তল্লাশি করে ৩ হাজার ৩০০ পিস ভারতীয় ট্যাপেনটাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। জব্দকৃত মাদকদ্রব্য কাটাখালী থানায় জমা দেওয়ার প্রক্রিয়া চলছে।