রাজশাহী সীমান্তে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় ট্যাপেনটাডল ট্যাবলেট জব্দ করেছে (বিজিবি)। সোমবার দিবাগত রাতে মতিহার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। বিজিবির অধিনায়কের কার্যালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বিজিবি জানায়, সীমান্ত দিয়ে যাতে অবৈধভাবে মাদকদ্রব্য বাংলাদেশে প্রবেশ করতে না পারে, সে লক্ষ্যে রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি) সীমান্ত এলাকায় কঠোর গোয়েন্দা নজরদারি ও টহল কার্যক্রম জোরদার করেছে। এক পর্যায়ে আভিযানিক দল দেখতে পায়, এক ব্যক্তি পদ্মা নদীর চর এলাকা দিয়ে তাদের দিকে এগিয়ে আসছে।
এসময় বিজিবি সদস্যরা তাকে আটক করতে ধাওয়া দিলে ওই ব্যক্তি তার কাছে থাকা একটি পলিথিন ব্যাগ ফেলে পালিয়ে যায়। পরবর্তীতে ফেলে যাওয়া ব্যাগটি তল্লাশি করে বিজিবি সদস্যরা ২৯৬ পিস ভারতীয় ট্যাপেনটাডল ট্যাবলেট জব্দ করেন। জব্দকৃত মাদকদ্রব্য মতিহার থানায় জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।