রাজশাহীর সীমান্ত এলাকায় পৃথক দুইটি অভিযানে ভারতীয় ইয়াবা ট্যাবলেট ও মদ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শুক্রবার দিবাগত রাতে রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি) এ অভিযান পরিচালনা করে। বিজিবির অধিনায়কের কার্যালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বিজিবি জানায়, শনিবার দিবাগত রাত ৪ টার দিকে কাটাখালী থানার শাহাপুর পূর্বপাড়া এলাকার একটি গমক্ষেতে অবস্থান নেয়। এসময় একজন সন্দেহভাজন মাদক কারবারীকে ঘটনাস্থলের দিকে আসতে দেখে বিজিবি সদস্যরা তাকে ধাওয়া করলে সে একটি ব্যাগ ফেলে রাতের অন্ধকারে পালিয়ে যায়। পরে ফেলে যাওয়া ব্যাগ তল্লাশি করে ৫০০ পিস ভারতীয় ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। জব্দকৃত ইয়াবা কাটাখালী থানায় জমা দেওয়ার প্রক্রিয়া চলছে।
অপরদিকে একই দিন রাত সাড়ে ৪ টার দিকে গোদাগাড়ী উপজেলার বিদিরপুর পদ্মার চর এলাকা দিয়ে মাদক পাচারের চেষ্টা হতে পারে। পরে বিজিবি সদস্যরা সেখানে অভিযান চালিয়ে অস্থান করে। একপর্যায়ে দুইজন সন্দেহভাজন মাদক কারবারীকে পদ্মার চর দিয়ে আসতে দেখে তাদের ধাওয়া করা হলে তারা একটি বস্তা ফেলে নদীতে ঝাঁপ দিয়ে পালিয়ে যায়। পরে বস্তা তল্লাশি করে ৩৯ বোতল ভারতীয় মদ জব্দ করা হয়।
জব্দকৃত মাদকদ্রব্য গোদাগাড়ী থানায় জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে বিজিবি।