রাজশাহী মহানগরীতে রাজপাড়া, শাহমখদুম এবং পবা থানা পুলিশের পৃথক পৃথক মাদকবিরোধী অভিযানে ৩ জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার রাত ১ টার দিকে রাজপাড়া থানার বাকির মোড় এলাকা থেকে পিয়াসকে, একই দিন রাত সাড়ে ৮ টার দিকে পবা থানার নতুনপাড়া (গাঙ্গপাড়া) এলাকা থেকে আসাদুজ্জামানকে এবং একই দিন রাত সোয়া ৯ টার দিকে পবা থানার তেঘর এলাকা থেকে সিফাতকে আটক করা হয়।
গ্রেপ্তারকৃত আসামিরা হলেন- কামরুল হাসান পিয়াস (২৫) রাজশাহী জেলার বাগমারা থানার বাহিগাছা (পূর্বপাড়া) গ্রামের মুক্তার হোসেনের ছেলে, মো: আসাদুজ্জামান (২৪) চন্দ্রিমা থানার ছোটবনগ্রাম এলাকায় বসবাসরত এবং মো: সিফাত (২০) পবা থানার বাগসারা (নওদাপাড়া) গ্রামের মো: আরিফের ছেলে। আরএমপির উপ-কমিশনার গাজিউর রহমানের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত আসামিদের দেহ তল্লাশি করে মোট ২৮ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক পৃথক মামলা দায়ের করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।