• ঢাকা, বাংলাদেশ বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৭:২৭ পূর্বাহ্ন
শিরোনাম
রাজশাহী কলেজে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন রাজশাহীতে সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন বরেন্দ্র যুব এগ্রোইকোলজি সম্মেলন উপলক্ষে ১৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন ৭ নভেম্বর ১৯৭৫ : আমার চোখে সিপাহি-জনতার বিপ্লব বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ভিইউ সাইফিউশন কৃষকের সার পাচার ও অপচয় ঠেকাতে নজরদারির আহ্বান কৃষিমন্ত্রীর পবায় নিজ উদ্যোগে শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র ও নগদ অর্থ বিতরণ শিশুর পুষ্টিই জাতির শক্তি,আমাদের করণীয় ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতায় তানযীমুল উম্মাহর ৬ শিক্ষার্থীর ৯ পুরস্কার জেলা পুলিশের অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

আলোর পথপ্রদর্শক ড. আব্দুস সাত্তার অবসরে গেলেও থাকবেন হৃদয়ে

নিজস্ব প্রতিবেদক
সর্বশেষ: বুধবার, ৬ মে, ২০২৬
আলোর পথপ্রদর্শক ড. আব্দুস সাত্তার অবসরে গেলেও থাকবেন হৃদয়ে
আলোর পথপ্রদর্শক ড. আব্দুস সাত্তার অবসরে গেলেও থাকবেন হৃদয়ে

শিক্ষক শব্দটা উচ্চারণ করলেই ভেসে ওঠে এক আলাদা সম্মান এক ধরনের মমতা। শিক্ষকতা শুধু পেশা নয় এর ভেতরে লুকিয়ে থাকে আদর্শ, আত্মত্যাগ, ধৈর্য আর মানুষের ভেতরের মানুষটাকে গড়ে তোলার এক নীরব সাধনা। একজন প্রকৃত শিক্ষক কখনো শুধু বইয়ের পাঠ শেষ করেন না। তিনি জীবনের পাঠ দেন। তিনি শিখিয়ে দেন কীভাবে মানুষ হতে হয়, কীভাবে দায়িত্ব নিতে হয়, কীভাবে সমাজের প্রতি দায়বদ্ধ থাকা যায়। তাই পিতা-মাতার পর একজন শিক্ষকের প্রভাবই একজন মানুষের জীবনে সবচেয়ে গভীর হয়ে থাকে।

Advertisements

ঠিক এমনই একজন শিক্ষক ড. মো. আব্দুস সাত্তার রাজশাহী কলেজের মনোবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান। তাঁকে যারা কাছ থেকে দেখেছেন, তারা জানেন তার হাসিটা কত সহজ, কথাগুলো কত বিনয়ী, আর মনটা কতটা নির্মল। ক্লাসরুমে কিংবা ক্যাম্পাসে, তাকে দেখলেই শিক্ষার্থীদের মনে এক ধরনের ভরসা কাজ করত। যেনো এই মানুষটার কাছে গেলে কিছু একটা শিখে আসা যাবে শুধু পড়াশোনা নয়, জীবনটাও। পঞ্চগড়ের তেঁতুলিয়ার বুড়াবুড়ি গ্রামের মাটিতে জন্ম তাঁর। সেই গ্রামীণ পরিবেশেই কেটেছে শৈশব। চারপাশে প্রকৃতির সরলতা, আর সংসারের সীমাবদ্ধতা এই দুইয়ের মাঝেই বড় হয়েছেন তিনি। পাঁচ ভাই-বোনের মধ্যে চতুর্থ। ছোটবেলায় গৃহশিক্ষকের হাত ধরে শিক্ষার শুরু, তারপর বুড়াবুড়ি মণ্ডলপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে প্রাথমিক শিক্ষা শেষ করেন। এখান থেকেই শুরু হয় তার স্বপ্নের পথচলা।

এরপর ভজনপুর উচ্চ বিদ্যালয়ে ভর্তি হওয়া, সেখান থেকে পঞ্চগড় বিপি সরকারি উচ্চ বিদ্যালয়ে অষ্টম শ্রেণিতে ওঠা প্রতিটি ধাপেই ছিল চেষ্টা আর অদম্য ইচ্ছাশক্তি। ১৯৮২ সালে মাধ্যমিক পরীক্ষায় বিজ্ঞান বিভাগ থেকে প্রথম বিভাগে উত্তীর্ণ হন। এরপর দিনাজপুর আদর্শ সরকারি কলেজ থেকে উচ্চ মাধ্যমিকেও একই কৃতিত্ব। সেই ধারাবাহিকতায় ভর্তি হন রাজশাহী কলেজের মনোবিজ্ঞান বিভাগে যেখানে পরবর্তীতে তিনিই হয়ে ওঠেন একটি আলোকিত নাম।

শিক্ষাজীবনেও তিনি ছিলেন কৃতী। অনার্সে দ্বিতীয় স্থান অর্জন করেন, এরপর রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর সম্পন্ন করেন। ১৯৯২ সালের ২০ জুলাই মাস্টার্স শেষ করে একই বছরের ২৪ অক্টোবর সাভার কলেজে প্রভাষক হিসেবে যোগ দেন। শিক্ষকতা জীবনের প্রথম দিন থেকেই তার মধ্যে ছিল এক ধরনের আন্তরিকতা যা ধীরে ধীরে তাকে আলাদা করে তোলে। ১৯৯৬ সালে ১৬তম বিসিএস শিক্ষা ক্যাডারে উত্তীর্ণ হয়ে আবার ফিরে আসেন রাজশাহী কলেজে। এখানেই গড়ে ওঠে তার দীর্ঘ কর্মজীবনের মূল অধ্যায়। সহকারী অধ্যাপক থেকে শুরু করে সহযোগী অধ্যাপক, এরপর অধ্যাপক প্রতিটি পদে দায়িত্ব পালন করেছেন নিষ্ঠার সঙ্গে। মাঝখানে কিছুদিন চট্টগ্রামে কর্মরত থাকলেও, তার শিক্ষকতা জীবনের প্রায় ২৫ বছরই কেটেছে রাজশাহী কলেজে।

শুধু পাঠদানেই সীমাবদ্ধ থাকেননি তিনি। গবেষণাতেও নিজের অবস্থান তৈরি করেছেন। রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন যা তার একাগ্রতা ও জ্ঞানপিপাসারই প্রমাণ। ব্যক্তিগত জীবনেও তিনি পরিপাটি ও সুশৃঙ্খল। তার সহধর্মিণীও একজন শিক্ষক হাজী জমির উদ্দিন মহিলা কলেজের ইংরেজি বিভাগের অধ্যাপক। তাদের একমাত্র কন্যা রাজশাহী মেডিকেল কলেজে অধ্যয়নরত। পরিবার, পেশা আর সমাজ এই তিনের মাঝেই তিনি গড়ে তুলেছেন এক ভারসাম্যপূর্ণ জীবন। নিজ গ্রামের প্রতিও তার টান ছিল গভীর। কর্মব্যস্ততার মাঝেও এলাকার শিক্ষা বিস্তারে কাজ করেছেন। স্কুল, কলেজ, মাদ্রাসা প্রতিষ্ঠায় ভূমিকা রেখেছেন যা তাকে শুধু একজন শিক্ষক নয়, একজন সমাজবান্ধব মানুষ হিসেবেও তুলে ধরে।

৩০ বছরের দীর্ঘ পথচলার শেষে ২০২৬ সালের ২৯ এপ্রিল তিনি আনুষ্ঠানিকভাবে অবসরে যাচ্ছেন। কিন্তু তার কথাতেই যেনো সবচেয়ে বড় সত্যটা ধরা পড়ে শিক্ষকের তো অবসর হয় না। সত্যিই তো একজন শিক্ষক কখনো অবসর নেন না, তিনি তার শিক্ষার্থীদের ভেতরেই বেঁচে থাকেন, তাদের কাজের ভেতর, তাদের চিন্তার ভেতর। বিদায়ের মুহূর্তে তার কণ্ঠে ছিল আবেগ, কিন্তু সেই আবেগে কোনো আক্ষেপ নেই আছে কৃতজ্ঞতা। শিক্ষার্থীদের ভালোবাসাকেই তিনি জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি বলে মনে করেন। আর শিক্ষার্থীদের কাছেও তিনি শুধু একজন শিক্ষক নন, একজন অভিভাবক, একজন পথপ্রদর্শক।

মনোবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী সিনথিয়া আফরিনের কথাতেই সেটা স্পষ্ট হয়ে ওঠে। তার ভাষায়, স্যারকে খুব কমই ছুটি নিতে দেখা গেছে। অসুস্থ থাকলেও তিনি ক্লাসে এসেছেন। তার দেওয়া শিক্ষা আর আদর্শই তাদের সামনে পথ দেখাবে এই বিশ্বাসটাই যেনো তার প্রকৃত অর্জন। সময়ের নিয়মে মানুষ কর্মজীবন থেকে সরে দাঁড়ায়, কিন্তু কিছু মানুষ থেকে যান স্মৃতিতে শ্রদ্ধায়, ভালোবাসায়। ড. মো. আব্দুস সাত্তার তেমনই একজন যিনি পদ থেকে বিদায় নিলেও মানুষের হৃদয় থেকে বিদায় নেবেন না। রাজশাহী কলেজের মনোবিজ্ঞান বিভাগে তার নাম শুধু একটি পদবী নয়, একটি অনুভূতি হয়ে থাকবে একজন স্নেহশীল শিক্ষক, একজন আদর্শ মানুষ, আর এক আলোর পথপ্রদর্শক হিসেবে।


আরো খবর