রাজশাহী কলেজে অধ্যক্ষের সঙ্গে রাজশাহী মহানগর ছাত্রদলের নবগঠিত কমিটির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এ সময় বৃক্ষরোপণ কর্মসূচিও পালন করা হয়।
মঙ্গলবার বেলা ১১টায় কলেজের প্রশাসনিক ভবনের শিক্ষক মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। সৌজন্য সাক্ষাতে উপস্থিত ছিলেন, রাজশাহী কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মোঃ ইব্রাহিম আলী, উপাধ্যক্ষ অধ্যাপক আবু মোঃ ইউনুছ আলী এবং শিক্ষক পরিষদের সদস্যবৃন্দ।
এছাড়া রাজশাহী মহানগর ছাত্রদলের আহ্বায়ক রাকিন রায়হান রবিন, সদস্য সচিব এমদাদুল হক লিমন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক খালিদ বিন ওয়ালিদ আবির, যুগ্ম আহ্বায়ক আবুল কালাম আজাদ তপন, যুগ্ম আহ্বায়ক সাফায়েত হোসেন মান্নাতসহ সংগঠনের অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভায় কলেজের সাধারণ শিক্ষার্থীদের ন্যায্য অধিকার নিশ্চিতকরণ, হোস্টেলের খাবারের মানোন্নয়ন, সেশন ফি হ্রাস, বাস পরিবহন ও যাতায়াত ভাড়া কমানোসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়। সভা শেষে মহানগর ছাত্রদলের উদ্যোগে একটি বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়।