মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) রাজশাহী অঞ্চলের অধীনে কর্মরত ২৯ জন শিক্ষক-কর্মচারীকে শিক্ষকতার পাশাপাশি অন্য লাভজনক পেশায় যুক্ত থাকার অভিযোগে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দেওয়া হয়েছে। মাউশি রাজশাহী অঞ্চলের পরিচালক প্রফেসর মোহা: আজাদুজজামান স্বাক্ষরিত এক আদেশে এই নির্দেশনা জারি করা হয়।
আদেশে উল্লেখ করা হয়েছে যে, জনবল কাঠামো ও এমপিও নীতিমালা-২০২১ এর ধারা ১১.১৭ (ক) অনুযায়ী কোনো এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারী একই সাথে একাধিক আর্থিক লাভজনক পদে বা চাকরিতে নিয়োজিত থাকতে পারবেন না। কিন্তু তদন্তে দেখা গেছে, তালিকাভুক্ত এই ২৯ জন শিক্ষক শিক্ষকতার পাশাপাশি নিকাহ রেজিস্ট্রার (কাজি) এবং হিন্দু বিবাহ নিবন্ধক হিসেবে দায়িত্ব পালন করছেন।
যাদের শোকজ করা হয়েছে: তালিকায় রাজশাহী জেলার বিভিন্ন উপজেলার ২১ জন, নাটোর জেলার ৪ জন, নওগাঁর ১ জন এবং চাঁপাইনবাবগঞ্জের ১ জন শিক্ষকসহ মোট ২৯ জনের নাম রয়েছে। এদের মধ্যে রয়েছেন বিভিন্ন ডিগ্রি কলেজের প্রভাষক, সহকারী অধ্যাপক, মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক এবং মাদ্রাসার সুপারিনটেনডেন্ট ও মৌলভীগণ।
শোকজপ্রাপ্ত শিক্ষকদের ২০ এপ্রিলের মধ্যে মাউশি রাজশাহী অঞ্চলের আঞ্চলিক পরিচালক বরাবর লিখিত জবাব দাখিল করতে নির্দেশ দেওয়া হয়। সে অনুযায়ী শিক্ষকরা ইতিমধ্যেই তাদের জবাব দিছেন। বিধি বহির্ভূতভাবে একাধিক পদে যুক্ত থাকার বিষয়টি প্রমাণিত হলে সংশ্লিষ্ট শিক্ষকদের এমপিও বাতিলসহ কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে বলে আদেশে সতর্ক করা হয়েছে।সেইসাথে আদেশটি কার্যকারিতার জন্য শিক্ষা মন্ত্রণালয়ের মন্ত্রী ও সচিব, মাউশির মহাপরিচালক এবং সংশ্লিষ্ট জেলা ও উপজেলা শিক্ষা কর্মকর্তাদের অনুলিপি প্রদান করা হয়েছে।
এবিষয়ে মাউশি রাজশাহী অঞ্চলের পরিচালক প্রফেসর মোহা: আজাদুজজামান বলেন, কারণ দর্শনের নোটিশ দেয়া হয়েছে। জবাব পাওয়ার প্রেক্ষিতে পরবর্তী যে কার্যক্রম সেটা করবো।