বাংলা নাটকে পারিবারিক গল্প নতুন কিছু নয় তবু কিছু কাজ থাকে, যা চেনা ফ্রেমের ভেতর থেকেও আলাদা হয়ে ওঠে। ‘সুপ্তাদের বাড়ি’ ঠিক তেমনই একটি নাটক, যেখানে গল্পের জোর নেই চমকে, আছে গল্পের প্রবাহে, গল্পের সাধারণ ভঙ্গিমায়। হুট করে যেন ৯০ দশকে নিমিষেই ফিরে যাওয়া যায়। সেট, কস্টিউম, আবহ, সংলাপের ডেলিভারি, চরিত্র নির্মাণ সব মিলিয়ে এক অদ্ভুত নস্টালজিয়া তৈরি করে। ক্যাসেট প্লেয়ার, দুই বেনীর সাথে ইউনিফর্ম, পাড়ার কিশোরী ও তরুণীদের উপর সিনিয়র ভাইদের উঁকিঝুঁকি, কাজে ব্যস্ত বাবা, ঘর আর সন্তান নিয়ে ব্যস্ত মা, পাড়ার সঙ্গী, অফুরন্ত বিকেল, এক বাড়ি থেকে আরেক বাড়ি ছুটে যাওয়া, টেক্সটহীন প্রেম, কমিটমেন্ট, অপেক্ষা, বিরহ, ত্যাগ সবকিছু মিলিয়ে মনে হয়, এই তো সেই দিনগুলো, সেই আমিই, আর আমার ফেলে আসা কাল!
ইমরাউল রাফাতের নির্মাণে সংযমের পরিচয় পাওয়া যায়। তিনি গল্পটিকে জোর করে এগিয়ে নেননি, বরং চরিত্রগুলোর ভেতরের টানাপোড়েনকে ধীরে ধীরে উন্মোচন করেছেন। ঠিক ধীরও নয় আবার তাড়াহুড়োও নেই আর যারা অনুভূতি দিয়ে গল্প ধরতে চান, তাদের জন্য এটি বড় প্রাপ্তি।
অভিনয়ের দিক থেকে তানিয়া বৃষ্টি পুরো নাটকটিকে বহন করেছেন বলা যায়। তার অভিনয়ে বাড়াবাড়ি নেই, কৃত্রিমতা নেই বিশেষ করে আবেগের দৃশ্যগুলোতে তিনি সংযত থেকেও গভীর প্রভাব ফেলেছেন। চোখের ভাষা, থেমে যাওয়া কণ্ঠ এসবের মধ্যেই তিনি চরিত্রের ভাঙনকে ফুটিয়ে তুলেছেন। সহ-অভিনেতারাও নিজেদের জায়গায় স্বাভাবিক ও বিশ্বাসযোগ্য ছিলেন, যা পুরো নাটকটিকে আরও বাস্তব করে তুলেছে।
কমেন্ট সেকশনে দেখলাম, অনেকেই গল্পটিকে নিজের জীবনের সঙ্গে মিলিয়ে আবেগাপ্লুত হয়েছেন কারও কাছে এটি যেন তাদের নিজের বাড়ির গল্প। আমার ক্ষেত্রেও তাই; প্রথমেই মনে পড়ে গেলো আমার নানার কথা। নানার ১২ জন মেয়ে ছিল, কিন্তু ছেলের আশায় তিনি দ্বিতীয় বিয়ে করেননি। কুড়িগ্রামের ফুলবাড়ীর এক প্রত্যন্ত গ্রামে থেকেও তিনি মেয়েদের শিক্ষার বিষয়ে ছিলেন সচেতন প্রতিটি মেয়েকে অন্তত এসএসসি পর্যন্ত পড়িয়ে তবেই বিয়ে দিয়েছেন। আমার মা ছিলেন অষ্টমতম কন্যা, ১৯৮৫ সালে এসএসসি পাস করেন; পরে জেলা সরকারি মহিলা কলেজে ভর্তি হওয়ার পর তাঁর বিয়ে হয়। নানা শুধু ‘কন্যাদায়গ্রস্ত পিতা’ হতে চাননি, বরং মেয়েদের জন্য ন্যূনতম শিক্ষার নিশ্চয়তাকেই অগ্রাধিকার দিয়েছেন।
এরপর মনে পড়ে বাবার কথা। যখন আশপাশের অনেক মেয়ের বিয়ে হয়ে যাচ্ছিল, তখন আমি নবম শ্রেণিতে বিজ্ঞান বিভাগে পড়ছি। এ নিয়ে অনেকেই বাবাকে কথা শুনিয়েছেন, কিন্তু তিনি বলতেন, “মন যা চায় কর মা, মানুষ কথা বলবেই।” সাধারণত অনার্সের মাঝামাঝি সময়ে বিয়ের চাপ এলেও বাবা দৃঢ় ছিলেন “পড়াশোনা শেষ করে নিজের পায়ে দাঁড়াক, তারপর বিয়ে।”
নাটকের সেই দৃশ্য যেখানে সুপ্তার বাবা বলেন, মেয়ের মাস্টার্স শেষ হোক, তারপর বিয়ে দেখে মনে হয়েছে, সুপ্তার বাবা, আমার নানা আর আমার বাবা যেন একই জায়গায় এসে মিলে গেলেন। এখানে আসলে শুধু ‘কন্যা সন্তান’ নয়, একজন সন্তানের প্রতি বাবা-মায়ের ন্যায্য দায়িত্ব, মানবিকতা ও দূরদর্শিতার প্রতিফলন দেখা যায়। সুপ্তাদের বাবাও তাঁদের প্রতি ছিলেন মানবিক, দায়িত্বশীল এবং একই সঙ্গে আত্মবিশ্বাস জাগানো একজন অভিভাবক। আর সেই কারণেই, কঠিন সময়ে বাবা-মায়ের সরাসরি উপস্থিতি ছাড়াও তারা নিজেদের সমস্যাগুলো সামলে উঠতে পেরেছে।
এই অভিজ্ঞতা থেকে আমার মনে হয়, কেবল সম্পদের পাহাড় কোনো সন্তানের ভবিষ্যৎ নিশ্চিত করতে পারে না; বরং অনেক সময় অতিরিক্ত সম্পদ বিপদের কারণও হয়ে দাঁড়ায়। প্রকৃতপক্ষে, জীবনদক্ষতা, সঠিক দিকনির্দেশনা এবং আত্মবিশ্বাস এই গুণগুলোই একজন সন্তানকে জীবনের নানা উত্থান-পতন মোকাবিলা করতে সাহায্য করে।
গল্পের প্রবাহ, আর তানিয়া বৃষ্টির দুর্দান্ত অভিনয় ও আবেগের নিখুঁত প্রকাশ দর্শকদের আবেগাপ্লুত করেছে। তবে এর মধ্যেই খুব সুন্দরভাবে একটি গুরুত্বপূর্ণ ম্যাসেজও উঠে এসেছে নারীদের মধ্যে সংহতি ও একত্রিত হওয়ার প্রয়োজনীয়তা। কারণ, শেষ পর্যন্ত একে অপরের পাশে দাঁড়ানোর মধ্যেই লুকিয়ে থাকে শক্তি; যে শক্তির বলে নারীরা সকল বাঁধা পেরিয়ে একসাথে এগিয়ে যাওয়ার পথ খুঁজে পায়।
বিভিন্ন গল্প, গসিপ কিংবা আমাদের সোশ্যাল মিডিয়ার কমেন্ট সেকশনে প্রায়ই একটি পরিচিত ন্যারেটিভ চোখে পড়ে নারীরাই তো নারীদের সহ্য করতে পারে না। কিন্তু নৃবিজ্ঞান, সমাজতত্ত্ব ও মনোবিজ্ঞানের আলোকে বিষয়টি বিশ্লেষণ করলে দেখা যায় এই ধারণাটি কোনো স্বাভাবিক বা জন্মগত প্রবণতা নয়; বরং এটি একটি উদ্দেশ্যপ্রণোদিতভাবে নির্মিত রাজনৈতিক ও সামাজিক কৌশল। পিতৃতান্ত্রিক সমাজব্যবস্থা দীর্ঘদিন ধরে নিজেদের ক্ষমতা অটুট রাখতে divide and rule কৌশল প্রয়োগ করে আসছে, যেখানে নারীদের মধ্যে অবিশ্বাস, প্রতিযোগিতা ও দূরত্ব তৈরি করা হয়। ছোটবেলা থেকেই সামাজিকীকরণের মাধ্যমে নারীদের শেখানো হয়—অন্য নারীই তার প্রতিদ্বন্দ্বী; সৌন্দর্য, স্বীকৃতি, সম্পর্ক কিংবা সামাজিক অবস্থান—সবকিছুতেই যেন এক অদৃশ্য প্রতিযোগিতা বিরাজমান। এর ফলে ধীরে ধীরে নারীরা নিজেরাই এই ধারণাগুলোকে সত্য বলে বিশ্বাস করতে শুরু করে, যাকে সমাজতত্ত্বে বলা হয় internalized misogyny অর্থাৎ সমাজের নারীবিদ্বেষী মানসিকতা নিজের ভেতরে ধারণ করা।
গল্পের ভেতর মাহিরা খান মাহির মেঝবোনের চরিত্র এই বাস্তবতারই প্রতিফলন—সে সাহসী ও কৌতূহলী হওয়ায় বড় বোনের আচরণ নিয়ে প্রশ্ন তোলে, কিন্তু সেই সন্দেহকে আরও উসকে দেয় একজন পুরুষ, তার ছোট চাচা। এখানেই পিতৃতান্ত্রিক কৌশলটি দৃশ্যমান হয়ে ওঠে সুযোগ পেলেই নারীদের মধ্যে বিভাজন তৈরি করা, অবিশ্বাসের বীজ বপন করা। মনোবিজ্ঞানের ভাষায়, এই প্রক্রিয়াকে আরও শক্তিশালী করে scarcity mindset যেখানে নারীদের জন্য স্বীকৃতি, ভালোবাসা বা ক্ষমতাকে সীমিত হিসেবে উপস্থাপন করা হয়, ফলে তারা একে অপরকে সহযোগী নয়, বরং প্রতিদ্বন্দ্বী হিসেবে দেখতে শেখে।
এইভাবে অজান্তেই নারীরা সেই ফাঁদে পা বাড়ায়, যে ফাঁদ আসলে তাদের বিরুদ্ধেই নির্মিত। এর চূড়ান্ত ফলাফল হলো নারীরা নিজেদের মধ্যেই বিভক্ত হয়ে পড়ে, আর পিতৃতান্ত্রিক কাঠামো লাভবান হয়; কারণ বিভক্ত নারীরা কাঠামোগত বৈষম্যের বিরুদ্ধে আর ঐক্যবদ্ধভাবে দাঁড়াতে পারে না।
তবে গল্পটি এখানেই থেমে থাকে না; বরং একটি গুরুত্বপূর্ণ সম্ভাবনার দিকও দেখায়। সমস্ত সংশয় ও বিভ্রান্তি পেরিয়ে যখন নারীরা নিজেরা আলোচনা করে, নিজেদের অভিজ্ঞতা ও উপলব্ধিকে গুরুত্ব দেয়, তখনই তারা আবার একত্রিত হতে পারে। সুপ্তাদের চার বোন যেমন শেষ পর্যন্ত নিজেদের সমস্যার সমাধান নিজেরাই খুঁজে বের করে এটি প্রমাণ করে যে, বিভাজনের এই রাজনীতিকে অতিক্রম করার একমাত্র পথ হলো পারস্পরিক সংহতি, সচেতনতা এবং আত্মবিশ্বাস।
অর্থাৎ, “নারী বনাম নারী” নয়—বরং নারীর পাশে নারী দাঁড়ানোর মধ্যেই নিহিত আছে মুক্তির সম্ভাবনা। ‘সুপ্তাদের বাড়ি’ আসলে শুধু একটি বাড়ির গল্প নয়; এটি আমাদের চারপাশের অসংখ্য সুপ্তাদের গল্প—যারা একই ছাদের নিচে বড় হয়, একই বাস্তবতায় গড়ে ওঠে, তবু ভুল বোঝাবুঝি, সন্দেহ আর সামাজিক বিভাজনে দূরে সরে যায়, আবার সব বাধা পেরিয়ে কাছেও আসে।
নাটকটি সূক্ষ্মভাবে দেখায় পিতৃতান্ত্রিক সমাজ কীভাবে নারীদের মধ্যে দূরত্ব তৈরি করে, আবার সেই দূরত্ব ভাঙার শক্তিও যে তাদের মধ্যেই আছে। তাই সুপ্তাদের গল্প শুধু সংকটের নয়, ফিরে আসার; শুধু ভাঙনের নয়, পুনর্গঠনেরও। আর শেষ পর্যন্ত ‘সুপ্তাদের বাড়ি’ মনে করিয়ে দেয়—একটি “বাড়ি” দেয়াল বা সম্পদে টিকে থাকে না, টিকে থাকে সম্পর্ক, আস্থা আর সংহতিতে। আর নারীরা যখন একে অপরের পাশে দাঁড়ায়, তখন সেই বাড়ি শুধু ঠিকানা নয় হয়ে ওঠে শক্তি, নিরাপত্তা ও সম্ভাবনার জায়গা।
মোনছেফা তৃপ্তি
পরিবেশ ও নারী অধিকার কর্মী