রাজশাহী মহানগরীতে মহানগর গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের মাদকবিরোধী পৃথক অভিযানে ৪ জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। রোববার রাত পৌনে ১০ টার দিকে এয়ারপোর্ট থানার বায়া মধ্যপাড়া এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে জীবন, রাজু ও জিয়াউরকে এবং একই রাত ১০ টার দিকে রাজপাড়া থানার লক্ষীপুর আইডি বাগানপাড়া এলাকা থেকে ইমরানকে আটক করা হয়।
গ্রেপ্তারকৃত আসামিরা হলেন- মো: জীবন (৪৬) কর্ণহার থানার সাহাপুর গ্রামের মৃত আশরাফ আলীর ছেলে, সেলিম রেজা ওরফে রাজু (২৮) একই থানার তেতুলিয়া রিফুজিপাড়া গ্রামের মৃত আতাহার আলীর ছেলে, জিয়াউর রহমান (৩৭) একই থানার উত্তর লক্ষীপুর গ্রামের হাসিমুদ্দিনের ছেলে এবং ইমরান (২২) রাজপাড়া থানার শ্রীরামপুর গ্রামের শাহ আলমের ছেলে।
আরএমপির উপ-কমিশনার গাজিউর রহমানের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করা হয়েছে। বিজ্ঞপ্তিতে পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত আসামিদের দেহ তল্লাশি করে জীবনের কাছ থেকে ১ কেজি ৫০০ গ্রাম গাঁজা এবং রাজু ও জিয়াউর মাদক বিক্রয়ের কাজে জীবনকে দীর্ঘদিন ধরে সহযোগীতা করে আসছিলেন। অন্যদিকে ইমরানের দেহ তল্লাশি করে ৩৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
উল্লেখ্য, গ্রেপ্তারকৃত আসামি জীবনের বিরুদ্ধে আরএমপির কর্ণহার থানায় ১ টি পেনাল কোড মামলা এবং রাজুর বিরুদ্ধে আরএমপির পবা ও কর্ণহার থানায় ২ টি মাদক মামলা চলমান রয়েছে। গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।