রাজশাহী মহানগরীতে মহানগর গোয়েন্দা শাখা (ডিবি) ও দামকুড়া থানা পুলিশের মাদকবিরোধী অভিযানে ২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২ টার দিকে কাশিয়াডাঙ্গা থানার হড়গ্রাম টুলটুলিপাড়া এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে সম্রাটকে এবং একই দিন রাত ৮ টার দিকে দামকুড়া থানার গোবিন্দপুর এলাকা থেকে রেজাউলকে আটক করা হয়।
গ্রেপ্তারকৃত আসামিরা হলেন, সম্রাট হোসেন (৩৬) বাগমারা থানার দক্ষিণ জামালপুর (বর্তমানে কাশিয়াডাঙ্গা থানার হড়গ্রাম টুলটুলিপাড়া গ্রামের আহাদ আলীর ছেলে এবং রেজাউল করিম (২৯) দামকুড়া থানার গোবিন্দপুর গ্রামের মো: আব্দুর রশিদের ছেলে। আরএমপির উপ-কমিশনার গাজিউর রহমানের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত আসামিদের দেহ তল্লাশি করে আবিরের কাছ থেকে ২০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট এবং মাদক বিক্রির নগদ ৪ হাজার ৮শ টাকা জব্দ করা হয়। অন্যদিকে রেজাউলের কাছ থেকে ১৫ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।