রাজশাহীতে হামের উপসর্গ নিয়ে গেল ২৪ ঘণ্টায় আরো ৫ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে বেসরকারী সিডিএম হাসপাতালে ৩জন ও রাজশাহী মেডিকেলে ২ জন শিশু মারা গেছে। মারা যাওয়া শিশুদের মধ্যে ৩জনের বাড়ি চাঁপাইনবাবগঞ্জে, একজনের কুষ্টিয়ায় ও আরেকজনের নাটোরে। এছাড়া, রাজশাহী মেডিকেল ১৪৯ জন ও সিডিএম হাসপাতালে ৫জন শিশু হামে উপসর্গ নিয়ে চিকিৎসাধীন।
রাজশাহীর সিডিএম হাসপাতালের প্রশাসনিক কর্মকর্তা রাব্বি খসরু বাপ্পী জানান, শনিবার দুপুর ১২ টা থেকে রোববার সকাল ৮টার মধ্যে তিন শিশুর মৃত্যুর হয়। তারা হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন ছিল। এছাড়া ৫শিশু এনআইসিইউতে আছে।
এদিকে, রোববার বেলা ১২ টায় রামেক হাসপাতালের মুখপাত্র ডা. শঙ্কর কে বিশ্বাস জানান, শনিবার সকাল ৯টা থেকে রোববার সকাল ৯ টা পর্যন্ত (গত ২৪ ঘন্টায়) রামেক হাসপাতালে হামে আক্রান্ত মারা গেছে দুই জন শিশু। হাম সাসপেক্টেড হয়ে নতুন ভর্তি হয়েছেন ২৪জন। হাম থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩৬ জন রোগী। বর্তমানে রামেক হাসপাতালে হাম সাসপেক্টেড শিশু ভর্তির সংখ্যা হচ্ছে ১২৫ জন।
তিনি জানান, পূর্বের চেয়ে রামেক হাসপাতালে রোগী ভর্তির সংখ্যা বেশি। রোগীর চাপ বাড়তে থাকলে পুরো একটি শিশু ওয়ার্ডকে হাম আইসোলেশন ইউনিটে রূপান্তরের পরিকল্পনা রয়েছে। একই সঙ্গে স্বাস্থ্য সচিবের নির্দেশনায় রাজশাহীর হার্ট ফাউন্ডেশন হাসপাতালে আইসিইউতে থাকা হাম আক্রান্ত শিশুদের স্থানান্তরের উদ্যোগ নেওয়া হচ্ছে। আইসিইউতে ১২ বেডের জায়গায় আরও ৬টি বেড যুক্ত করা হয়েছে। এখন শিশু আইসিইউ এর বেড সংখ্যা মোট ১৮; যার মধ্যে ১২ টি হাম এর শিশু রোগীদের জন্য এবং বাকি ৬ টি হাম ব্যতীত অন্যান্য শিশু রোগীর (ঘড়হ-সবধংষবং) জন্য ব্যবহৃত হচ্ছে। এছাড়া, রামেকের আইসিইউ বেড এর চাপ কমাতে সাময়িক ভাবে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতাল এন্ড রিসার্চ ইনস্টিটিউট এর আইসিইউ-তে ১০টি বেড ব্যবহার করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে বলেও জানান তিনি।