রাজশাহী ব্যাটালিয়ন ১ বিজিবির পৃথক অভিযানে ৮০ বোতল মদ ও ৫১ বোতল সিরাপ জব্দ করা হয়েছে। বুধবার বেলা ১১টার দিকে কাটাখালী থানা এলাকার খানপুর পশ্চিমপাড়া এলাকায় এসব জব্দ করা হয়। বৃহস্পতিবার দুপুরে রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রিয়াজ শাহরিয়ারের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বিজিবি জানায়, কাটাখালী থানা এলাকার খানপুর পশ্চিমপাড়া এলাকায় অভিযান চালায়। এ সময় এক মাদক ব্যবসায়ীকে ধাওয়া করলে সে তার সঙ্গে থাকা একটি বস্তা ফেলে রাতের অন্ধকারে ভারতের অভ্যন্তরে পালিয়ে যায়। পরে ফেলে যাওয়া বস্তা থেকে মালিকবিহীন ৮০ বোতল ভারতীয় মদ জব্দ করা হয়। জব্দকৃত মাদকদ্রব্য কাটাখালী থানায় জমা দেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে।
অপরদিকে, গোপন সংবাদের ভিত্তিতে চারঘাট থানা এলাকার চকমুক্তারপুর এলাকায় অভিযান পরিচালনা করে। বিজিবি সদস্যরা একটি বাঁশবাগানে অবস্থান করেন পরে এক মাদক কারবারীকে দেখতে পায়। তবে উপস্থিতি টের পেয়ে ওই ব্যক্তি একটি ব্যাগ ফেলে পালিয়ে যায়। পরবর্তীতে ব্যাগটি তল্লাশি করে মালিকবিহীন ৫১ বোতল সিরাপ জব্দ করা হয়। জব্দকৃত মাদকদ্রব্য চারঘাট থানায় জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন।