রাজশাহীতে ভুয়া চাহিদাপত্র দেখিয়ে পাম্প থেকে জ্বালানী তেল নেবার দায়ে নওহাটা ফায়ার সার্ভিস স্টেশনের ৫ কর্মীকে ঢাকায় সদর দপ্তরে সংযুক্ত করা হয়েছে। ঘটনাটি তদন্তের পর তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেয়া হবে বলেও জানানো হয়েছে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে। রাজশাহী ফায়ার সার্ভিসের উপ পরিচালক মো: মঞ্জিল হক এই তথ্য নিশ্চিত করেছেন।
এ ঘটনায় জড়িত মোট ৫ ফায়ার সার্ভিস কর্মী হলেন নওহাটা স্টেশনের লিডার রবিউল আলম, গাড়ি চালক আজিজুর রহমান, ফায়ার ফাইটার জাকির হোসেন, ইয়াসির আরাফাত এবং আব্বাস আলী। উপ-পরিচালক জানান, বৃহস্পতিবার তারা ঢাকায় সংযুক্ত হয়েছেন। ফায়ার সার্ভিস প্রাথমিকভাবে নিশ্চিত হয়েছে যে, জড়িতরা তাদের ব্যক্তিগত জ্বালানির প্রয়োজন মেটাতে তেল নিতে গিয়েছিলো। ফলে স্টেশনের ভুয়া চাহিদাপত্র দেখিয়ে তেল নেবার যে চেষ্টা হয়েছে তা দন্ডনয়ি অপরাধ। বুধবার দুপুরে রাজশাহীর নওহাটা এলাকায় হাবিব ফিলিং স্টেশনে ভুয়া চাহিদাপত্র দেখিয়ে তেল নিতে গিয়ে ফায়ার সার্ভিসের পাঁচ কর্মী কর্মী ধরা পড়েন।
জানাগেছে, অফিসের চাহিদা দেখিয়ে ফায়ার সার্ভিসের ৫ কর্মী নিজেদের জন্য ফিলিং স্টেশনে তেল নিতে গিয়েছিলেন। তাদের সরকারি গাড়িতে থাকা ব্যারেল ও ড্রামে তেল দেওয়াও হয়েছিল। তবে বিষয়টি জানাজানি হলে তেল ফেরত নেওয়া হয়। বুধবার দুপুরের দিকে রাজশাহীর পবা উপজেলার হাবিব ফিলিং স্টেশনে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ফায়ার সার্ভিসের নওহাটা স্টেশনের কর্মকর্তা রবিউল আলমসহ আরো চারজন তাদের সরকারি গাড়িতে ড্রাম ও ব্যারেল নিয়ে ফিলিং স্টেশনে তেল নিতে যান। এ সময় রবিউল আলম একটি চাহিদাপত্রও ফিলিং স্টেশনে দেন।
তারা ২০০ লিটার পেট্রল এবং ১০০ লিটার অকটেন নেন। এ সময় উপস্থিত পুলিশ সদস্যদের সন্দেহ হলে পুলিশ স্টেশনের ইনচার্জের সঙ্গে কথা বলে জানতে পারে, অফিসের চাহিদায় কোনো তেল নেওয়া হচ্ছে না। পরে তাদেরকে দেয়া তেল ফেরত নেয়া হয়।