রাজশাহীতে শিশুমৃত্যু রোধ, সহজলভ্য ও মানসম্মত চিকিৎসা নিশ্চিতকরণ এবং অতি সংক্রামক রোগ ‘হাম’ প্রতিরোধে কার্যকর পদক্ষেপ গ্রহণসহ ৫ দফা দাবিতে স্মারকলিপি প্রদান করা হয়েছে। রোববার বেলা ১২টায় বরেন্দ্র অঞ্চলের যুব ও উন্নয়নভিত্তিক স্বেচ্ছাসেবী সংগঠনসমূহের সমন্বয়ে গঠিত বরেন্দ্র ইয়ুথ ফোরামের পক্ষ থেকে প্রধানমন্ত্রী ও রাজশাহীর সিভিল সার্জন ডা. এস.আই.এম রাজিউল করিম বরাবর পৃথক এ স্মারকলিপি প্রদান করা হয়। সিভিল সার্জনের পক্ষে স্মারকলিপি গ্রহণ করেন ডেপুটি সিভিল সার্জন ডা. মোছা. মাহবুবা খাতুন।
স্মারকলিপির অনুলিপি প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী ও প্রতিমন্ত্রী, স্বাস্থ্য সেবা বিভাগের সচিব, ওষুধ প্রশাসন অধিদপ্তরের মহাপরিচালক, রাজশাহীর বিভাগীয় কমিশনার, পরিচালক (স্বাস্থ্য), জেলা প্রশাসক এবং রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালকসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরে পাঠানো হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন নদী ও পরিবেশ গবেষক মাহবুব সিদ্দিকী, বরেন্দ্র ইয়ুথ ফোরামের সভাপতি মো. আতিকুর রহমান আতিক, সাধারণ সম্পাদক পলি রানী, পরিবেশ ও জলবায়ু সম্পাদক তামিম তুলি, সামাজিক কল্যাণ সংস্থার নির্বাহী পরিচালক সম্রাট রায়হান, আমার বাংলা তরুণ সংঘের সাধারণ সম্পাদক তাহমীদ জাকি এবং নারী নেত্রী তহুরা খাতুন লিলিসহ অন্যান্যরা।
স্মারকলিপিতে উল্লেখ করা হয়, চিকিৎসা একটি মৌলিক অধিকার হলেও সহজলভ্য ও মানসম্মত চিকিৎসার অভাবে প্রতিনিয়ত বহু মানুষ মৃত্যুমুখে পতিত হচ্ছে। বিশেষ করে শিশুদের ক্ষেত্রে পরিস্থিতি উদ্বেগজনক। আইসিইউ সেবার অভাবে গত ১১ মার্চ থেকে ২২ মার্চ পর্যন্ত ১১ দিনে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে আইসিইউর অপেক্ষায় থাকা ৩৩ শিশুর মৃত্যু হয়েছে বলে এতে দাবি করা হয়।
এতে আরও বলা হয়, চিকিৎসার নগরীখ্যাত রাজশাহীতে ‘হাম’ রোগীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। অত্যন্ত সংক্রামক এই ভাইরাসজনিত রোগের জটিলতায় নিউমোনিয়া, ডায়রিয়া, চোখ ও মস্তিষ্কে প্রদাহসহ বিভিন্ন সমস্যায় আক্রান্ত হয়ে শিশুরা মৃত্যুঝুঁকিতে পড়ছে, যেখানে আইসিইউ সেবা অত্যন্ত প্রয়োজনীয় হয়ে ওঠে।
অন্যদিকে, রাজশাহী নগরীর টিবি পুকুর এলাকায় প্রায় ৩৫ কোটি টাকা ব্যয়ে নির্মিত ২০০ শয্যার বিশেষায়িত শিশু হাসপাতালটি ২০২৩ সালের জুনে নির্মাণ কাজ শেষ হলেও এখনো চালু না হওয়ায় শিশুদের কাঙ্ক্ষিত চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হতে হচ্ছে বলে স্মারকলিপিতে উল্লেখ করা হয়।
এছাড়া, স্বাস্থ্য খাত সংস্কারের লক্ষ্যে গঠিত কমিশনের সুপারিশসমূহ দ্রুত বাস্তবায়নের দাবি জানিয়ে একটি স্বাধীন ও স্থায়ী স্বাস্থ্য কমিশন গঠনের প্রয়োজনীয়তার কথাও তুলে ধরা হয়।
স্মারকলিপিতে উত্থাপিত ৫ দফা দাবির মধ্যে রয়েছে, রাজশাহীর ২০০ শয্যার বিশেষায়িত শিশু হাসপাতাল দ্রুত চালু করা; দেশব্যাপী ‘হাম’ প্রতিরোধে কার্যকর ব্যবস্থা গ্রহণ; সহজলভ্য ও মানসম্মত চিকিৎসাসেবা নিশ্চিত করা; রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করে অনিয়ম দূর করা; আধুনিক চিকিৎসা সরঞ্জাম সংযোজন ও আইসিইউ সুবিধা বৃদ্ধি করা এবং স্বাস্থ্য খাত সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়নসহ একটি স্বাধীন ও স্থায়ী স্বাস্থ্য কমিশন গঠন।