সমতলের আদিবাসীদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার দাবিতে রাজশাহীতে সংবাদ সম্মেলন করেছে উত্তরবঙ্গ আদিবাসী ফোরাম। শনিবার (২৮ মার্চ) বেলা ১১টার দিকে রাজশাহী প্রেসে সংবাদ সম্মেলনে পাঁচ দফা দাবি তুলে ধরা হয়।
সংগঠনের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট প্রভাত টুকু লিখিত বক্তব্যে বলেন, দেশের সমতল অঞ্চলের আদিবাসীরা দীর্ঘদিন ধরে সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিকভাবে প্রান্তিক অবস্থানে রয়েছে। উন্নয়ন কাঠামোর বাইরে থাকায় তাদের অধিকার ও অস্তিত্ব আজও অনিরাপদ। এ অবস্থায় তাদের ন্যায্য অধিকার নিশ্চিত করতে পাঁচ দফা দাবি সময়ের প্রয়োজন হয়ে দাঁড়িয়েছে।
তিনি আরও জানান, দেশে প্রায় ৩৩টি আদিবাসী জনগোষ্ঠীর ১৫ লাখের বেশি মানুষ সমতল অঞ্চলে বসবাস করে। উত্তরবঙ্গের ১৬টি জেলায় সাঁওতাল, ওরাও, কোল, মুন্ডা, রাজোয়াড়, তুরি, মাহালী, মালো, মাহাতোসহ ৩০টিরও বেশি সম্প্রদায়ের বসবাস থাকলেও পার্বত্য চট্টগ্রামের মতো তাদের জন্য আলাদা প্রশাসনিক বা আইনি কাঠামো নেই। ফলে ভূমি অধিকার, রাজনৈতিক প্রতিনিধিত্ব ও সাংস্কৃতিক স্বীকৃতির ক্ষেত্রে তারা বঞ্চিত।
পাঁচ দফা দাবির মধ্যে রয়েছে, একজন যোগ্য আদিবাসী টেকনোক্র্যাটকে মন্ত্রী হিসেবে নিয়োগ, সংরক্ষিত নারী আসনে উত্তরবঙ্গের আদিবাসী নারীর প্রতিনিধিত্ব নিশ্চিত করা, সমতল আদিবাসীদের জন্য পৃথক ভূমি কমিশন গঠন, পৃথক আদিবাসী বিষয়ক মন্ত্রণালয় প্রতিষ্ঠা এবং সংবিধানে আদিবাসীদের স্বীকৃতি প্রদান।
রাজশাহী মহানগর শাখার সভাপতি সুনি মুরমু আদিবাসী নারীদের অধিকার প্রসঙ্গে বলেন, আদিবাসী নারীরা দ্বৈত বৈষম্যের শিকার লিঙ্গ ও জাতিগত পরিচয়ের কারণে। তাদের রাজনৈতিক প্রতিনিধিত্ব নিশ্চিত করা হলে নারীর ক্ষমতায়ন ও সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠা সম্ভব হবে।
বক্তারা বলেন, এসব দাবি বাস্তবায়িত হলে সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠা, উন্নয়নে সমতা এবং জাতীয় ঐক্য ও বহুত্ববাদ শক্তিশালী হবে।
দাবিগুলো দ্রুত বাস্তবায়ন না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারিও দেন নেতারা।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির সভাপতি চা হিংগুমুরমু, তথ্য ও প্রচার সম্পাদক প্রদীপ সেব্রমসহ অনেকে।