২৫ মার্চ গণহত্যা দিবস ও ঐতিহাসিক মহান মুক্তিযুদ্ধ বিষয়ক এক স্মৃতিচারণ এবং আলোচনা সভা রাজশাহী জেলা তথ্য অফিসের ব্যবস্থাপনায় নগরীর রিভারভিউ কালেক্টরেট স্কুল হলরুমে অনুষ্ঠিত হয়েছে। জেলা তথ্য অফিসের পরিচালক তাজকিয়া আকবারীর সভাপতিত্বে সভায় রাজশাহী জেলা ইউনিটের ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মাসুদ হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি তাঁর বক্তৃতায় মুক্তিযুদ্ধের সংঘাতপূর্ণ দিনগুলোর স্মৃতিচারণ করেন। তিনি বলেন, ২৫ মার্চ কালরাতে পাক বর্বর বাহিনী অপারেশন সার্চ লাইটর নামে আধুনিক অস্ত্রে সজ্জিত হয়ে নিরস্ত্র, নিরীহ বাঙালির উপর ঝাঁপিয়ে পড়েছিলো।
অতর্কিত হামলা চালিয়ে কিশোর, ছাত্র-শিক্ষক, পুলিশ, আবাল-বৃদ্ধ-বনিতাকে জ্বালিয়ে- পুড়িয়ে নিশ্চিহ্ন করে দেওয়াই ছিলো তাদের উদ্দেশ্য। বাঙালি জাতি সেই হামলার উপযুক্ত জবারের জন্য প্রথমে খণ্ড খণ্ডভাবে এবং পরে সুপরিকল্পিতভাবে যুদ্ধ পরিচালনা করে বিজয় ছিনিয়ে এনেছে। তিনি ছাত্র-ছাত্রীদের উদ্দেশে মুক্তিযুদ্ধে চেতনা ধারণের উদাত্ত আহ্বান জানিয়ে বলেন, দেশের ভবিষ্যৎ নাগরিক হিসেবে তোমাদের নিজেদেরকে তৈরি করতে হবে।
দেশের কল্যাণে অতন্দ্রপ্রহরীর মতো জেগে থাকতে হবে। ৭১ ও ২৪ এর চেতনাই আমাদের সঠিক পথে এগিয়ে নিয়ে যাবে।
জেলা তথ্য অফিসের সহকারী পরিচালক আব্দুল আহাদের সঞ্চালনায় সভায় উপপরিচালক নাফেয়ালা নাসরিন, জেলা শিক্ষা অফিসের গবেষণা কর্মকর্তা সিরাজুল হক সরকার, রিভারভিউ কালেক্টরেট স্কুলের প্রধান শিক্ষক মনোয়ারা পারভীন বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শুরুতে জেলা তথ্য অফিসের পক্ষ থেকে ২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষ্যে ডকুমেন্টারি প্রদর্শন করা হয়।