মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট উন্মোচন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (২৫ মার্চ) সকালে সচিবালয়ে নিজ দফতরে তিনি এই বিশেষ ডাকটিকিট উন্মোচন করেন।
প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, প্রধানমন্ত্রী সকাল ৯টা ২ মিনিটে সচিবালয়ে উপস্থিত হন। কিছু দাফতরিক কাজ সম্পন্ন করার পর সাড়ে ৯টায় তিনি ডাকটিকিট উন্মোচন করেন।
অনুষ্ঠানে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী ফকির মাহবুব আনাম, ডাক সচিব আব্দুন নাসের খান এবং ডাক অধিদফতরের মহাপরিচালক কাজী আসাদুল ইসলাম উপস্থিত ছিলেন। অতিরিক্ত প্রেস সচিব আরো জানান, ডাকটিকিট উন্মোচনের পর প্রধানমন্ত্রীর কর্মসূচির মধ্যে রয়েছে মন্ত্রিপরিষদের বৈঠক।
বিকেল ৪টায় এই বৈঠক অনুষ্ঠিত হবে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে। সাধারণত প্রতি সপ্তাহের বৃহস্পতিবার মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হলেও এবার তা একদিন এগিয়ে আনা হয়েছে। বৃহস্পতিবার মহান স্বাধীনতা ও জাতীয় দিবস হওয়ায় বৈঠকটি আজ বুধবার বিকেল ৪টায় মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে অনুষ্ঠিত হবে।