পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে নওগাঁর সাপাহারে ৩৯৫ জন দুস্থ ও অসহায় মানুষের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে নগদ অর্থ এবং পোশাক বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব উপহার সামগ্রী বিতরণ করেন নওগাঁ-১ আসনের সংসদ সদস্য মোঃ মোস্তাফিজুর রহমান।
উপজেলা নির্বাহী অফিসার রোমানা রিয়াজ-এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) আলেফ হোসেন। এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সারোয়ার জাহান চৌধুরী লাবু, সিনিয়র সহ-সভাপতি আব্দুর রহিমসহ স্থানীয় নেতৃবৃন্দ।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, উপজেলার ৬টি ইউনিয়নের মোট ৩৯৫ জন উপকারভোগীর মাঝে ৩০০ পিস শাড়ি, ৩০ পিস থ্রি-পিস, ১৫ পিস হাজী রুমাল এবং ১৫০ জনকে জনপ্রতি ২ হাজার টাকা করে মোট ৩ লক্ষ টাকা নগদ অর্থ প্রদান করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে এমপি মোস্তাফিজুর রহমান বলেন, দরিদ্র মানুষের মুখে হাসি ফোটাতে সরকার বদ্ধপরিকর। প্রধানমন্ত্রীর এই উপহার প্রান্তিক মানুষের ঈদের আনন্দ বাড়িয়ে দেবে। সরকারি বরাদ্দে কোনো ধরনের অনিয়ম সহ্য করা হবে না।