রাজশাহীর বাঘায় মোটরসাইকেল থেকে পড়ে আহত হওয়ার ছয় দিন পর সাদিয়া খাতুন (১৮) নামে এক কলেজছাত্রীর মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার (১৯ মার্চ) সকালে উন্নত চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
নিহত সাদিয়া খাতুন বাঘা মোজাহার হোসেন মহিলা ডিগ্রি কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্রী এবং উপজেলার চকরাজাপুর চরের বাসিন্দা সায়েম শিকদারের একমাত্র মেয়ে।
স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, গত ১৩ মার্চ সকালে কলেজ শেষে ভাড়ায় চালিত একটি মোটরসাইকেলে চড়ে নিজ বাড়িতে ফিরছিলেন সাদিয়া। পথে পদ্মা নদীর শিমুলতলা ঘাট এলাকায় পৌঁছালে তিনি চলন্ত মোটরসাইকেল থেকে আকস্মিক পড়ে গিয়ে মাথায় গুরুতর আঘাত পান। স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে অবস্থার অবনতি হলে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করেন।
সেখানে চিকিৎসা শেষে শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হওয়ায় গত ১৮ মার্চ তাকে বাড়িতে নিয়ে আসা হয়। তবে আজ বৃহস্পতিবার সকালে হঠাৎ তিনি আবারও গুরুতর অসুস্থ হয়ে পড়েন। স্বজনরা দ্রুত তাকে হাসপাতালে নেওয়ার ব্যবস্থা করলেও পৌঁছানোর আগেই সাদিয়ার মৃত্যু হয়। আজ দুপুরে পারিবারিক কবরস্থানে তার মরদেহ দাফন করা হয়েছে।
সন্তানকে হারিয়ে শোকাতুর বাবা সায়েম শিকদার বলেন, দুর্ঘটনার পর চিকিৎসায় সাদিয়া কিছুটা সুস্থ হয়েছিল, তাই আমরা তাকে বাড়িতে আনি। কিন্তু হঠাৎ আজ সকালে সব শেষ হয়ে গেল।
এ বিষয়ে বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেরাজুল হক জানান, ঘটনাটি সম্পর্কে তারা অবগত আছেন। তবে পরিবারের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।