রাজশাহী কলেজ ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে রাজশাহী কলেজের কর্মচারীদের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে। সোমবার কলেজের লাইব্রেরি ভবনের সামনে আয়োজিত এক অনুষ্ঠানে এসব ঈদ উপহার বিতরণ করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজশাহী কলেজ শাখার ছাত্রশিবিরের সভাপতি মো. মোশাররফ হোসেন মাহাদী। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. জাহাঙ্গীর এবং বিশেষ অতিথি হিসেবে ছিলেন মহানগর শিবির সভাপতি ইমরান নাজির। এছাড়াও উপস্থিত ছিলেন রাজশাহী কলেজ শিবিরের সাংগঠনিক সম্পাদক মেশকাত রহমান, অফিস সম্পাদক ওয়াজেদ আলীসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে কলেজের কর্মচারীদের হাতে ঈদ উপহার তুলে দেন অতিথিরা। এ সময় কলেজের কর্মচারীদের মধ্যে আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়। আয়োজকরা জানান, ঈদকে সামনে রেখে প্রতিষ্ঠানের কর্মচারীদের প্রতি সম্মান, ভালোবাসা ও সহমর্মিতার অংশ হিসেবেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। ঈদ উপহার পেয়ে আনন্দ প্রকাশ করেন এক কর্মচারী। তিনি বলেন, ঈদের আগে এমন উপহার পেয়ে আমরা সত্যিই আনন্দিত। আমাদের কথা মনে রেখে এই আয়োজন করায় সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা জানাই।
প্রধান অতিথির বক্তব্যে ডা. জাহাঙ্গীর বলেন, সমাজের প্রতিটি স্তরের মানুষের পাশে দাঁড়ানোই মানবিক ও ইসলামী মূল্যবোধের শিক্ষা। ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে এ ধরনের উদ্যোগ খুবই প্রশংসনীয়। কর্মচারীরা একটি শিক্ষা প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ অংশ। তাদের সম্মান ও মর্যাদা নিশ্চিত করা সবার দায়িত্ব।
অনুষ্ঠানের সভাপতি মোশাররফ হোসেন বলেন, রাজশাহী কলেজ ইসলামী ছাত্রশিবির সবসময় মানবিক, সামাজিক ও কল্যাণমূলক কাজে সম্পৃক্ত থাকার চেষ্টা করে। ঈদ উপহার বিতরণের এই আয়োজন কর্মচারীদের প্রতি আমাদের আন্তরিকতা ও সৌহার্দ্যের বহিঃপ্রকাশ। ভবিষ্যতেও আমরা এমন কার্যক্রম অব্যাহত রাখব, ইনশাআল্লাহ। অনুষ্ঠান শেষে অতিথিরা উপস্থিত কর্মচারীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং সবার জন্য ঈদের শুভকামনা জানান।