তানোর উপজেলার তালন্দ ইউনিয়নের লবাতলা এলাকায় তামান্না স্পেশালাইজড কোল্ড স্টোরেজে চলতি মৌসুমে আলু সংরক্ষণের উদ্বোধন করা হয়েছে।
রোববার বিকেলে কোল্ড স্টোরেজ প্রাঙ্গণে ইফতার মাহফিলের আয়োজনের মধ্য দিয়ে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়। তামান্না স্পেশালাইজড কোল্ড স্টোরেজের ম্যানেজার আব্দুল মান্নানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ও পরিচালক আলহাজ্ব আবুল হোসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী হাসেন আলী, আব্দুস সালাম তুহিন, রাজশাহী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মাসুদুজ্জামান রিংকু, বিশিষ্ট ব্যবসায়ী আবু সাঈদ, কনস্ট্রাকশন ম্যানেজার বিশ্বনাথ, জাফরুল্লাহ ও বিন সান কনস্ট্রাকশনসহ বিভিন্ন এলাকার আলু চাষি ও সুধীজন। কোল্ড স্টোরেজ সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে এ প্রতিষ্ঠানে প্রায় ৩ লাখ ৫০ হাজার বস্তা আলু সংরক্ষণের সক্ষমতা রয়েছে।
অনুষ্ঠানে বক্তারা বলেন, তানোর একটি কৃষিপ্রধান এলাকা এবং এখানকার অধিকাংশ মানুষ কৃষির সঙ্গে সম্পৃক্ত। বিশেষ করে আলু এ অঞ্চলের একটি গুরুত্বপূর্ণ ফসল। এ এলাকায় কোল্ড স্টোরেজ স্থাপনের ফলে কৃষকদের আর দূরে গিয়ে আলু সংরক্ষণ করতে হবে না। এতে পরিবহন খরচ কমবে এবং কৃষকরা ন্যায্য মূল্য পাওয়ার সুযোগ পাবেন। তারা আরও বলেন, কোল্ড স্টোরেজ চালু হওয়ায় স্থানীয়ভাবে প্রতিদিন প্রায় ১০০ থেকে ২০০ মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে এবং কৃষকদের উৎপাদন বৃদ্ধিতেও ইতিবাচক প্রভাব ফেলবে।