গোদাগাড়ীতে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের অভিযানে ১০০ গ্রাম হেরোইনসহ এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার সারাংপুর রোডপাড়া এলাকায় এ অভিযান চালানো হয়। গ্রেপ্তারকৃত হলেন, সারুফ হোসেন (২২)। তিনি গোদাগাড়ী পৌরসভার রামনগর ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা আমিরুলের ছেলে।
পুলিশ জানায়, শনিবার রাত ১২টার দিকে রাজশাহী জেলা ডিবি পুলিশের এসআই নাছির উদ্দিন সঙ্গীয় ফোর্স নিয়ে গোদাগাড়ী উপজেলার ডাইংপাড়া মোড় ও আশপাশের এলাকায় মাদক ও চোরাচালানবিরোধী অভিযানে দায়িত্ব পালন করছিলেন। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন, সারাংপুর রোডপাড়া গ্রামের মো. রব্বানী (৭০) নামে এক ব্যক্তির বাড়ির দক্ষিণ পাশের কাঁচা রাস্তার সামনে এক ব্যক্তি হেরোইন বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছেন। পরে অভিযান চালানো হয়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ওই ব্যক্তি দৌড়ে পালানোর চেষ্টা করলে ধাওয়া করে তাকে আটক করা হয়।
পরে তল্লাশি চালিয়ে তার পরিহিত জিন্স প্যান্টের সামনের ডান পকেট থেকে একটি সাদা স্বচ্ছ পলিথিনে মুখবন্ধ অবস্থায় বাদামি রঙের গুঁড়া পদার্থ উদ্ধার করা হয়। পুলিশ জানায়, উদ্ধার হওয়া পদার্থটি অবৈধ মাদকদ্রব্য হেরোইন, যার ওজন প্রায় ১০০ গ্রাম। এ ঘটনায় গ্রেপ্তার সারুফ হোসেনের বিরুদ্ধে গোদাগাড়ী মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।