পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে উৎসবের আনন্দ ভাগ করে নিতে প্রতি বছরের মতো এবারও ঈদ উপহার বিতরণ কর্মসূচির আয়োজন করেছে বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্বেচ্ছাসেবী সংগঠন ‘ছোট্ট স্বপ্ন’।
শনিবার (১৪ মার্চ) সকালে বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসে ছোট্ট স্বপ্ন স্কুলের শিশু ও বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা কর্মীদের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ফার্মেসি বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. মো. বায়তুল মোকাদ্দেসুর রহমান এবং নিউট্রিশন অ্যান্ড ফুড ইঞ্জিনিয়ারিং বিভাগের অ্যাসোসিয়েট প্রফেসর ও কো-অর্ডিনেটর ড. সুলতানা রাজিয়া। এছাড়া ইসলামি ইতিহাস ও সংস্কৃতি বিভাগ এবং সমাজবিজ্ঞান বিভাগের মডারেটর সৈয়দ নাঈমুর রহমান সোহেল ও কেশব চন্দ্র বিশ্বাস উপস্থিত ছিলেন।
এ সময় ছোট্ট স্বপ্নের নবম কমিটির সভাপতি তাহমিদ জাকি, অষ্টম কমিটির সহ-সভাপতি আকাশ মণ্ডল এবং বর্তমান কমিটির সভাপতি মো. আব্দুল আজিম শেখ, সহ-সভাপতি সাকিব মোল্লা ও মো. জাকিরুল ইসলাম এবং সাধারণ সম্পাদক মো. রকি আলীসহ সংগঠনের স্বেচ্ছাসেবীরা উপস্থিত ছিলেন।
তাদের উপস্থিতিতে শতাধিক শিশুর হাতে ঈদ উপহার তুলে দেওয়া হয়। উপহার হাতে পেয়ে শিশুদের মুখে ফুটে ওঠে আনন্দের হাসি।
স্বপ্ন দেখি স্বপ্ন দেখাই, শিক্ষার আলো ছড়াতে চাই এই মূলমন্ত্রকে সামনে রেখে সংগঠনটি দীর্ঘদিন ধরে সুবিধাবঞ্চিত শিশুদের পাশে কাজ করে যাচ্ছে। ঈদের আনন্দ সমাজের প্রতিটি শিশুর কাছে পৌঁছে দিতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে
বক্তারা বলেন, বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের তরুণ শিক্ষার্থীদের এমন মানবিক উদ্যোগ সমাজের বিত্তবান ও সচেতন মানুষদের অনুপ্রাণিত করবে। বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসে শিক্ষার্থী ও শিশুদের এই মিলনমেলা এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি করে।