সরবরাহ ঘাটতির কারণে রাজশাহীর পেট্রোল পাম্প মালিকরা আগামী সোমবার থেকে ডিপো থেকে জ্বালানি তেল উত্তোলন বন্ধ করার হুমকি দিয়েছেন। শনিবার সকালে নগরীতে অনুষ্ঠিত এক সভা শেষে রাজশাহী জেলা পাম্প মালিক সমিতির পক্ষ থেকে এ সতর্কবার্তা দেওয়া হয়।
সমিতির সভাপতি মনিমুল হক বলেন, ডিপো থেকে সরবরাহ করা জ্বালানির পরিমাণ ফিলিং স্টেশনগুলোর চাহিদার তুলনায় অনেক কম হওয়ায় পাম্প মালিকরা আর্থিক ক্ষতির মুখে পড়ছেন। একটি জ্বালানি ট্যাঙ্কারে সাধারণত তিনটি চেম্বার থাকে এবং ডিপো থেকে একটি ট্যাঙ্কার আনতে প্রায় ১৫ থেকে ২০ হাজার টাকা খরচ হয়, যার মধ্যে সড়ক পারমিটসহ বিভিন্ন খরচ অন্তর্ভুক্ত থাকে।
তিনি বলেন, অনেক ক্ষেত্রে পাম্প মালিকদের মাত্র ৩ হাজার থেকে সাড়ে ৪ হাজার লিটার জ্বালানি বা একটি ট্যাঙ্কারের মাত্র একটি চেম্বার দেওয়া হচ্ছে। এতে পরিবহন খরচ হিসাব করলে প্রতি লিটারে খরচ সরকার নির্ধারিত খুচরা মূল্যের চেয়েও বেশি পড়ে যাচ্ছে।
মনিমুল হক আরও বলেন, এভাবে অল্প পরিমাণ জ্বালানি আনলে খরচ তুলতে হলে প্রতি লিটারে ১ থেকে দেড় টাকা বেশি দামে বিক্রি করতে হবে, যা নির্ধারিত মূল্যের কারণে সম্ভব নয়। ফলে পাম্প মালিকদের লোকসান গুনতে হচ্ছে।
তিনি জানান, সরবরাহ ঘাটতির কারণে অনেক সময় সন্ধ্যার আগেই পাম্পে জ্বালানি শেষ হয়ে যাচ্ছে। কোথাও দুটি ট্যাঙ্কারের প্রয়োজন হলেও একটি বা দেড় ট্যাঙ্কার দেওয়া হচ্ছে, আবার কখনও কোনও স্টেশনই ট্যাঙ্কার পাচ্ছে না। এতে যেসব পাম্পে জ্বালানি থাকে সেখানে যানবাহনের চাপ ও বিশৃঙ্খলা তৈরি হচ্ছে।
সমস্যার সমাধান না হলে আগামী সোমবার থেকে ডিপো থেকে জ্বালানি উত্তোলন বন্ধ রাখা হবে বলেও সতর্ক করেন তিনি।