আওয়ামী লীগের দোসর, রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয় (রামেবি) প্রতিষ্ঠার শুরু থেকেই অনিয়ম-দুর্নীতির হোতা, উপাচার্য প্রফেসর ডাঃ মোঃ জাওয়াদুল হক এবং তার দুর্নীতিবাজ পিএস নাজমুল হোসেনের অপসারণের দাবিতে নগরীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেলা ১১টায় নগরীর সাহেববাজার জিরোপয়েন্টে সচেতন রাজশাহীবাসী এই কর্মসূচির আয়োজন করে। এতে বক্তব্য দেন বীর মুক্তিযোদ্ধা শাহজাহান আলী বরজাহান, বীর মুক্তিযোদ্ধা কমরেড আবুল কালাম আজাদ, এডভোকেট হোসেন আলী পিয়ারা, আতাউর রহমান, স্মৃতি পরিষদের সহসভাপতি সালাহ্উদ্দীন মিন্টু, এডভোকেট আসলাম উদ দোলা, সাংবাদিক সাইদুর রহমান ও গোলাম মোস্তফা মামুন, ফুটপাত ব্যবসায়ী সমিতির নেতা আইয়ুব আলী তালুকদার, পাদুকা ব্যবসায়ী সমিতির সভাপতি শফিকুর রহমান রিপন প্রমুখ।
মানবন্ধনে বক্তারা বলেন, প্রফেসর ডা. জাওয়াদুল হক আওয়ামী আমলে রামেকে দুবার চাকুরীর মেয়াদ বৃদ্ধিসহ একই সাথে রামেবি ও বেসরকারি বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে চাকরি করেছেন। ওই সময় তার বিরুদ্ধে রামেকের অধ্যক্ষ ডা. মহিবুল হাসান ও ডা. নওশাদ আলীর বহুল আলোচিত টেন্ডার কেলেঙ্কারীর সকল কমিটির আহবায়ক থাকার অভিযোগও রয়েছে। ২০২২ সালে স্বাচিপের সুপারিশে রাজশাহী ইসলামী ব্যাংক মেডিকেল কলেজের ভাইস প্রিন্সিপালের পদ বাগিয়ে নেন তিনি।
এসময় বক্তারা অভিযোগ করেন, ডাঃ জাওয়াদুল হক প্রথম উপাচার্য, স্বাচিপ নেতা ডা. মাসুম হাবিবের হাত ধরে রামেবিতে ঢুকেই দুর্নীতি শুরু করেন। বিশ্ববিদ্যালয়ের শুরুতেই তিনি দু’টি অনুষদের ডিন, কলেজ পরিদর্শক, পরীক্ষা নিয়ন্ত্রক, সিন্ডিকেট সদস্য, নিয়োগ কমিটির সদস্য, সংবিধি কমিটির সদস্য, পরীক্ষা কমটির সভাপতিসহ ৭টি গুরুত্বপূর্ণ পদ দখল করে একাই ৬৯ পরিদর্শন কমিটির আহবায়ক, প্রশ্নপ্রণয়নে অনিয়ম ও গাড়ির অনিয়মসহ দুর্নীতির রামরাজত্ব কায়েম করেন। ওই সময় তার দুর্নীতির বিরুদ্ধে স্বাচিপের নেতৃত্বে গঠিত তদন্ত কমিটিকে ডা. জাওয়াদুল হক লিখিত বক্তব্যে নিজেকে ‘জাতির পিতা, সর্বকালের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধুর আদর্শকে মনে প্রাণে লালন করেন এবং বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বাস্তবায়নে দায়িত্ব পালনে সচেষ্ট আছেন বলে দাবি করেন। ওই কমিটি রাজনৈতিক বিবেচনায় ‘তিনি বঙ্গবন্ধুর আদর্শ বাস্তবায়নে তৎপর বলে অভিযোগ থেকে অব্যাহতি দেয়।
মানবন্ধনে বক্তারা অভিযোগ করে বলেন, ২০২৪ এর ৫ আগস্ট আওয়ামী সরকার পতন হলেও ডা. জাওয়াদুল হক খোলস পাল্টে রামেবির উপাচার্যের দায়িত্ব নিয়ে আবারও পদে পদে দুর্নীতি শুরু করেন। দুর্নীতির পথ সুগম করতে প্রথমেই তিনি সেকশন অফিসার নাজমুল হোসেনকে অবৈধভাবে পিএসের দায়িত্ব দেন। এরপর রামেরি ও ইউজিসির নিয়োগ নীতিমালায় উন্মুক্ত বিজ্ঞপ্তি দিয়ে চুক্তিভিত্তিক নিয়োগের শর্ত থাকলেও উপাচার্য তা অমান্য করে রেজিস্ট্রার, কলেজ পরিদর্শক, পরীক্ষা নিয়ন্ত্রক, পরিচালক (অর্থ ও হিসাব), পরিচালক ও উপ-পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন), উপ-পরীক্ষা নিয়ন্ত্রক, উপ-রেজিস্ট্রার, উপ-পরিচালক, সহকারী পরিচালকসহ বিভিন্ন উচ্চতর পদে পছন্দের লোক নিয়োগ দিয়ে দুর্নীতির সিন্ডকেট গড়ে তুলেছেন। এই অবৈধ নিয়োগকৃত অধিকাংশের প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা নাই। এরমধ্যে কলেজ পরিদর্শক প্রফেসর ডা. আব্দুস সালামকে ব্যক্তিস্বার্থে সিন্ডিকেট সদস্য করার জন্য অবৈধভাবে ডিন পদেও নিয়োগ দিয়েছেন।
এসময় বক্তারা আরও অভিযোগ করেন, উপাচার্য তার পিএস নাজমুল হোসেনের নেতৃত্বে গঠিত সিন্ডিকেটের মাধ্যমে টেন্ডার ছাড়াই রামেবি প্রোজেক্টের সহস্রাধিক গাছ কেটে বিক্রি, পুকুর ও ফসলের জমি লিজ, আম বিক্রি, দোকান ভাড়া, পুরাতন ভবনের এসি বিক্রি করে কোটি কোটি টাকার সম্পদ আত্মসাত করেছেন। এছাড়া সংসদ নির্বাচনের ডামাডোলে তড়িঘড়ি করে প্রায় ১ হাজার কোটি টাকার ৫টি অবকাঠামো নির্মাণের টেন্ডার পছন্দের ঠিকাদারকে দেওয়ার জন্য পিপিআর লঙ্ঘন করে দুর্নীতিগ্রস্ত ক্রয় পরামর্শককে মূল্যায়ন (টেক) কমিটির সদস্য করেছেন উপাচার্য। এসব টেন্ডার পছন্দের ঠিকাদারকে দিতে উপাচার্যের বিরুদ্ধে ৯% ঘুষের দাবির অভিযোগের সংবাদ সম্প্রতি ভাইরাল হয়েছে। মানবন্ধনে বক্তারা আগামী তিন দিনের মধ্যে আওয়ামীলীগের দোসর দুর্নীতিবাজ ভিসি ডা. জাওয়াদুল হক ও তার পিএস নাজমুল হোসেনের অপসারণ ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন। অন্যথায় ভিসির কার্যালয় ঘেরাও করার ঘোষনা দেন তারা।