রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয় (রামেবি) প্রশাসনকে জড়িয়ে প্রকাশিত প্রকল্পের ৯ শতাংশ ঘুষ চাওয়ার অভিযোগকে সম্পূর্ণ ভিত্তিহীন ও উদ্দেশ্য প্রণোদিত বলে দাবি করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডাঃ মোঃ জাওয়াদুল হক। বুধবার সকালে রামেবির কনফারেন্স কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
উপাচার্য জানান, অভিযোগকারী প্রতিষ্ঠান জেনিথ কর্পোরেশন ও তাবাসসুম এন্টারপ্রাইজ কোনো টেন্ডার প্রক্রিয়ায় অংশ নেয়নি। তাই তাদের কাছে ঘুষ চাওয়ার অভিযোগ হাস্যকর ও সাজানো। তিনি দাবি করেন, জেনিথ কর্পোরেশনের মালিক আতাউর রহমান টিপু টেন্ডারের শর্ত পরিবর্তনের জন্য চাপ দিচ্ছিলেন। অনৈতিক দাবি প্রত্যাখ্যান করায় অপপ্রচার চালানো হচ্ছে এবং তাঁকে প্রাণনাশের হুমকিও দেওয়া হয়েছে বলে অভিযোগ করেন তিনি।
এ সময় তিনি বলেন, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় টেন্ডার প্রক্রিয়ায় সন্তোষ প্রকাশ করেছে। হুমকির ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে জানিয়ে তিনি বলেন, কোনো চাপের কাছে নতি স্বীকার না করে বিশ্ববিদ্যালয় প্রশাসন নীতিগত অবস্থান বজায় রাখবে।