রাজশাহীতে মানবিক উদ্যোগ “Prelove to Relove – Season 4” এর সমাপনী অনুষ্ঠান ও ঈদ বস্ত্র বিতরণ কর্মসূচি সাফল্যের সঙ্গে সম্পন্ন হয়েছে। রোটার্যাক্ট ক্লাব অব রাজশাহী গভর্নমেন্ট কলেজ ও স্বচ্ছলতা অ্যাসোসিয়েশনের যৌথ উদ্যোগে এবং রোটারি ক্লাব অব পদ্মার পৃষ্ঠপোষকতায় আয়োজিত এ কর্মসূচির সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। রবিবার দুপুরে শিমুল মেমোরিয়াল নর্থ সাউথ স্কুল অ্যান্ড কলেজ অডিটোরিয়ামে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মোঃ ইব্রাহিম আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী কলেজের উপাধ্যক্ষ প্রফেসর আবু মোঃ ইউনুস আলী; শিমুল মেমোরিয়াল নর্থ সাউথ স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ বিরাজ আহমেদ; রোটারিয়ান ডা. মোঃ হারুন-অর-রশিদ; এবং রোটারিয়ান মোঃ আব্দুর রাজ্জাক, প্রেসিডেন্ট, রোটারি ক্লাব অব পদ্মা রাজশাহী। এছাড়াও সংশ্লিষ্ট সংগঠনের নেতৃবৃন্দ ও সদস্যরা অনুষ্ঠানে অংশ নেন।
আয়োজকরা জানান, মেলার মাধ্যমে পুরাতন ও নতুন পোশাক বিক্রি করে সংগৃহীত অর্থ থেকে প্রায় ৫৩ জন সুবিধাবঞ্চিত শিশুর মাঝে ঈদের পোশাক বিতরণ করা হয়েছে। সামাজিক দায়বদ্ধতা ও মানবিক চেতনায় উদ্বুদ্ধ হয়ে এ তহবিল গঠন করা হয়।
বক্তারা বলেন, এ ধরনের উদ্যোগ সমাজে সহমর্মিতা ও ভাগাভাগির সংস্কৃতি জোরদার করে। ভবিষ্যতেও এমন মানবিক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করা হয়। অনুষ্ঠান শেষে শিশুদের হাতে ঈদের নতুন পোশাক তুলে দেওয়া হলে আনন্দ-উচ্ছ্বাসে মুখর হয়ে ওঠে পুরো অডিটোরিয়াম।