বিজিবির পৃথক অভিযানে ৫০০ গ্রাম হেরোইন ২৬ বোতল মদ জব্দ জব্দ করেছে রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি)। শনিবার রাত ১১টার দিকে গোদাগাড়ী থানার চর-হনুমন্তনগর এলাকায় ও গোদাগাড়ী থানার মাদ্রাসার মোড় এলাকায় অভিযান পরিচালনা করে এসব জব্দ করা হয়। রোববার দুপুরে দিকে রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রিয়াজ শাহরিয়ারের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির একটি বিশেষ আভিযানিক দল চর-হনুমন্তনগর এলাকায় পদ্মা নদীর তীরে ফাঁদ পেতে অবস্থান নেয়। দীর্ঘ সময় অপেক্ষার পর রাতের দিকে দুইজন সন্দেহভাজন মাদক কারবারী একটি ব্যাগ হাতে নিয়ে নদীর পাড় দিয়ে এগিয়ে আসতে দেখা যায়।
এ সময় তারা বিজিবির উপস্থিতি টের পেয়ে ব্যাগটি ফেলে নদীতে ঝাঁপ দেয় এবং আন্তর্জাতিক সীমানা অতিক্রম করে ভারতের দিকে পালিয়ে যায়। পরে আভিযানিক দল ফেলে যাওয়া ব্যাগটি তল্লাশি করে ৫ প্যাকেট ৫০০ গ্রাম ভারতীয় হেরোইন (ব্রাউন) সদৃশ মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ করে।
অপর দিকে গোদাগাড়ী থানার মাদ্রাসার মোড় এলাকা আমবাগানের সন্দেহভাজন ব্যক্তি একটি বস্তা ফেলে দ্রুত রাতের অন্ধকারে পালিয়ে যায়। পরে বিজিবি সদস্যরা পরিত্যক্ত বস্তাটি তল্লাশি করে অবস্থায় ২৬ বোতল মদ জব্দ করেন। জব্দকৃত মাদকদ্রব্য গোদাগাড়ী থানায় জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে বিজিবি।