রাজশাহী মহানগরীতে নামাজ আদায় করতে যাওয়ার পথে দুর্বৃত্তদের গুলিতে একজনের মৃত্যু হয়েছে। শনিবার (১৪ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে নগরীর খোঁজাপুর গোরস্তানের প্রাচীরসংলগ্ন সড়কে এ ঘটনা ঘটে। মৃত ব্যক্তির নাম মোঃ মোস্তফা (৫০)। তার বাড়ি রাজশাহী নগরীর মতিহার থানার ডাঁশমারী গ্রামের তইমুর উদ্দিনের ছেলে । মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ এসব তথ্য নিশ্চিত করেছেন।
স্থানীয়রা জানান, মোস্তফা মসজিদে নামাজ পড়তে যাওয়ার সময় দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে তার ডান পায়ে গুলি লাগে এবং তিনি ঘটনাস্থলেই জ্ঞান হারিয়ে ফেলেন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা ডা. শংকর কুমার বিশ্বাস বলেন, মোস্তফাকে হাসপাতালে আনার পর মৃত অবস্থায় পাওয়া যায়। গুলিবিদ্ধ নাকি ছুরিকাঘাতে আহত এ বিষয়টি ময়নাতদন্ত ছাড়া নিশ্চিত হওয়া যাচ্ছে না। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, কী কারণে হামলার ঘটনা ঘটেছে তা এখনো জানা যায়নি। হামলাকারীদের শনাক্ত করা সম্ভব হয়নি। বিষয়টি তদন্তাধীন রয়েছে এবং আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।