• ঢাকা, বাংলাদেশ শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৩৪ অপরাহ্ন
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

চাঁপাইনবাবগঞ্জে বোমা বিস্ফোরণে নিহত ২ উড়ে গেছে বাড়ির টিন, সংকটাপন্ন অবস্থায় হাসপাতালে ৩ জন

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
সর্বশেষ: শনিবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৬
চাঁপাইনবাবগঞ্জে বোমা বিস্ফোরণে নিহত ২ উড়ে গেছে বাড়ির টিন, সংকটাপন্ন অবস্থায় হাসপাতালে ৩ জন
চাঁপাইনবাবগঞ্জে বোমা বিস্ফোরণে নিহত ২ উড়ে গেছে বাড়ির টিন, সংকটাপন্ন অবস্থায় হাসপাতালে ৩ জন

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চরবাগডাঙ্গা ইউনিয়নে বোমা তৈরির সময় বিস্ফোরণে নিহত দুই ব্যক্তির পরিচয় নিশ্চিত করেছে পুলিশ। শনিবার বিকেলে চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার এএনএম ওয়াসিম ফিরোজ নিহতদের নাম-পরিচয় প্রকাশ করেন। নিহতরা হলেন চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কথুনিপাড়া গ্রামের জিহাদ আলী এবং সদর উপজেলার ধামার মোড় এলাকার আল আমিন। এ ঘটনায় আরও তিনজন গুরুতর দগ্ধ অবস্থায় পুলিশি হেফাজতে চিকিৎসাধীন রয়েছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার ভোর ৫টার দিকে সদর উপজেলার চরবাগডাঙ্গা ইউনিয়নের ফাটাপাড়া গ্রামের একটি বাড়িতে শক্তিশালী বোমার বিস্ফোরন ঘটে। হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ ঘটলে আশপাশের এলাকা কেঁপে ওঠে। বিস্ফোরণের তীব্রতায় ওই বাড়ির ইটের দেয়ালের একাংশ ধসে পড়ে এবং টিনের চাল উড়ে যায়। ঘটনাস্থলেই ছিন্নভিন্ন হয়ে মারা যান জিহাদ ও আল আমিন।
বিস্ফোরণে আহতরা হলেন ফাটাপাড়া গ্রামের নজরুল ইসলামের ছেলে বজলুর রহমান, জেনারুল ইসলামের ছেলে মিনহাজ এবং রানীহাটি-উপরধুমি এলাকার রফিজুল ইসলামের ছেলে শুভ (২০)। স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রথমে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে (রামেক) স্থানান্তর করেন।
পুলিশ জানিয়েছে, আহতদের শরীরের সিংহভাগ ঝলসে গেছে এবং তাদের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক। স্থানীয়দের দাবি, সদ্য সমাপ্ত জাতীয় সংসদ নির্বাচন পরবর্তী সময়ে ওই এলাকায় জামায়াত ও বিএনপি নেতাকর্মীদের মধ্যে তীব্র উত্তেজনা বিরাজ করছিল। সম্ভাব্য সংঘাতের প্রস্তুতির অংশ হিসেবেই রাতভর ওই বাড়িতে বোমা তৈরি করা হচ্ছিল বলে ধারণা করা হচ্ছে।

রাজশাহী রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শাহাজাহান এবং চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ডিআইজি সাংবাদিকদের জানান, ঘটনাটি নির্বাচন পরবর্তী রাজনৈতিক কারণে কি না, তা গুরুত্বের সাথে তদন্ত করা হচ্ছে। যে উদ্দেশ্যেই বোমা বানানো হোক না কেন, জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। বিস্ফোরণের পর র‌্যাবের বোম্ব ডিসপোজাল ইউনিট ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে উদ্ধার অভিযান পরিচালনা করে।

বর্তমানে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং এই চক্রের সাথে জড়িতদের খুঁজে বের করতে অভিযানে নেমেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। আহত তিনজনকে পুলিশি হেফাজতে রাখা হয়েছে এবং এ ঘটনায় একটি মামলার প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ।


আরো খবর