বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে পাঁচ দিনব্যাপী ‘ডিজিটাল সিটিজেনশিপ অ্যান্ড মিসইনফরমেশন রেজিলিয়েন্স ট্রেনিং’। বিশ্ববিদ্যালয়ের জার্নালিজম, কমিউনিকেশন অ্যান্ড মিডিয়া স্টাডিজ (জেসিএমএস) বিভাগ আয়োজিত এ প্রশিক্ষণে অংশগ্রহণ করেন প্রায় ৭০ জন শিক্ষার্থী। প্রশিক্ষণ শেষে শিক্ষার্থীরা মিথ্যা তথ্য ও গুজব প্রতিরোধে ৫টি কমিউনিটি অ্যাকশন প্রজেক্ট (CAP) বাস্তবায়ন করবেন। ব্রিটিশ কাউন্সিলের ইয়ুথ কানেক্ট প্রকল্প এবং ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ (ULAB) এর সহযোগিতায় দুই ধাপে এই প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। প্রথম ধাপ অনুষ্ঠিত হয় ১৩ থেকে ১৫ জানুয়ারি, পরবর্তী ধাপ ১৯ জানুয়ারি অনলাইনে, এবং ২২ জানুয়ারি শিক্ষার্থীরা তাদের কমিউনিটি অ্যাকশন প্রজেক্টের পরিকল্পনা উপস্থাপন করেন।
প্রশিক্ষণে শিক্ষার্থীদের ডিজিটাল নাগরিকত্ব, অনলাইন আচরণ, তথ্য যাচাই কৌশল, ভুয়া খবর শনাক্তকরণ এবং সামাজিক যোগাযোগমাধ্যমে দায়িত্বশীল ভূমিকা সম্পর্কে হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হয়।
অংশগ্রহণকারী শিক্ষার্থী মেহেরুন নেসা বলেন, কোন তথ্য সত্য আর কোনটা মতামত এই পার্থক্য বুঝতে পেরেছি। তথ্য যাচাই করার পদ্ধতিও শিখেছি এই প্রশিক্ষণ থেকে। আরেক শিক্ষার্থী ঐশ্বর্য মণ্ডল বলেন, সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে যে নৈতিকতা ও মূল্যবোধ জরুরি, তা আগে জানতাম না। এই প্রশিক্ষণ থেকে বিষয়গুলো পরিষ্কারভাবে বুঝতে পেরেছি।
জেসিএমএস বিভাগের শিক্ষক ও প্রশিক্ষক মুহাম্মদ রাকিব হোসাইন বলেন, অংশগ্রহণকারীদের এমনভাবে প্রশিক্ষণ দেওয়া হয়েছে, যাতে তারা নিজেরা সচেতন হওয়ার পাশাপাশি পরিবার ও বন্ধুদের মধ্যেও সচেতনতা তৈরি করতে পারেন। আরেক প্রশিক্ষক সাজ্জাদ হোসেন বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে দায়িত্বশীল আচরণ কীভাবে করতে হয় সে বিষয়ে শিক্ষার্থীরা বাস্তবভিত্তিক ধারণা পেয়েছে। আমরা আশা করি, এর মাধ্যমে ইতিবাচক পরিবর্তন আসবে।
জেসিএমএস বিভাগের সমন্বয়ক শাতিল সিরাজ বলেন, একজন সাংবাদিক বা সাধারণ নাগরিক হিসেবে যেকোনো তথ্য যাচাই না করে বিশ্বাস করা উচিত নয়। কোনটি তথ্য, আর কোনটি বিভ্রান্তি তা বোঝা আজ অত্যন্ত জরুরি। প্রশিক্ষণে আরও বক্তব্য রাখেন ফ্যাক্টওয়াচের ফ্যাক্টচেকার রিদওয়ান ইসলাম। তিনি বলেন, ডিজিটাল নাগরিক হিসেবেও আমাদের দায়িত্ব রয়েছে। কোন তথ্য শেয়ার করা উচিত আর কোনটি নয় এ বিষয়ে সচেতনতা জরুরি। ইউল্যাবের সিনিয়র লেকচারার মোহাম্মদ আমিনুল ইসলাম বলেন, ডিজিটাল লিটারেসি ছাড়া বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্ম সঠিক সিদ্ধান্ত নিতে পারবে না। অনলাইনে সহনশীলতা চর্চাও সময়ের দাবি।
উল্লেখ্য, ডিজিটাল সিটিজেনশিপ অ্যান্ড মিসইনফরমেশন রেজিলিয়েন্স ট্রেনিং প্রকল্পের আওতায় দেশের ১০টি বিশ্ববিদ্যালয়ের ৬০০ জনেরও বেশি শিক্ষার্থীকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। তাদের মাধ্যমে গুজব প্রতিরোধে একটি ‘ইনফরমেশন হাব’ গড়ে তোলা হবে, যা মিথ্যা তথ্য মোকাবিলায় সক্রিয় ভূমিকা রাখবে।