বরেন্দ্র অঞ্চলের নদ-নদী, খাল-বিল ও জলাভূমিতে নির্বিচারে ব্যবহৃত চায়না দুয়ারি জালসহ ক্ষতিকর মাছ ধরার সরঞ্জাম বন্ধের দাবিতে রাজশাহীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে রাজশাহীর সাহেববাজার জিরোপয়েন্টে গ্রীন কোয়ালিশন (সবুজ সংহতি) ও উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান বারসিকের আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন বরেন্দ্র অঞ্চলের বিভিন্ন এলাকার শতাধিক জেলে। তারা ঐতিহ্যবাহী মাছ ধরার উপকরণ—খোরা জাল, পলো, চাঁই, বালচা, ধুন্দি ও খলই হাতে নিয়ে প্রতীকী প্রতিবাদ জানান। স্থানীয় জেলেরা বলেন, এসব জালের কারণে দেশীয় মাছ, জলজ প্রাণী ও জীববৈচিত্র্য ধ্বংস হচ্ছে, ফলে তাদের জীবন-জীবিকা হুমকির মুখে পড়েছে।
বারসিকের আঞ্চলিক সমন্বয়কারী শহিদুল ইসলাম বলেন, চায়না দুয়ারি জালের ফাঁস এতটাই চিকন যে ছোট-বড় সব মাছই আটকা পড়ে মারা যায়। এতে দেশীয় মাছ, ব্যাঙ, কচ্ছপ ও জলজ উদ্ভিদের প্রজাতি বিলুপ্ত হচ্ছে। তিনি আরও বলেন, মৎস আইনে উল্লেখ থাকলেও মাঠে কোন কার্যকর পদক্ষেপ নেই। চায়না দুয়ারি অতিশ্রীঘ্রই আমদানি, বুনন এবং সকল কারখানা বন্ধ করতে হবে। গোকুল-মথুরা মৎস্যজীবী সমবায়ের সভাপতি মো. জাহাঙ্গীর আলম বলেন, আগে বিলকুমারিতে অনেক প্রজাতির মাছ ছিল, এখন মৌসুমেও মাছ পাওয়া যায় না। গ্রীন কোয়ালিশনের আহ্বায়ক মাহবুব সিদ্দিকী বলেন, চায়না দুয়ারি জাল আমদানি, বুনন ও বিক্রি অবিলম্বে বন্ধ করতে হবে।
মানববন্ধনে আরও বক্তব্য রাখেন বরেন্দ্র ইয়ুথ ফোরামের যুগ্ম সাধারণ সম্পাদক আতিকুর রহমান আতিক, নওহাটা মৎস্যজীবী সমবায়ের সাধারণ সম্পাদক আবু সামা, সামাজিক কল্যাণ সংস্থার নির্বাহী পরিচালক সম্রাট রায়হান ও আদিবাসী যুব পরিষদের সভাপতি উপেন রবিদাস। পরে রাজশাহী জেলা প্রশাসকের মাধ্যমে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টার বরাবর পাঁচ দফা দাবি সংবলিত স্মারকলিপি প্রদান করা হয়। দাবিগুলোর মধ্যে রয়েছে, চায়না দুয়ারি জাল সম্পূর্ণ নিষিদ্ধ ও বাজেয়াপ্ত করা, অবৈধ মাছ ধরার সরঞ্জাম ও রাসায়নিক বিক্রয় বন্ধ, জেলেদের বিকল্প জীবিকা ও প্রণোদনা নিশ্চিত করা এবং জলাভূমি লিজপ্রথা বাতিল করে প্রকৃত জেলেদের মাছ ধরার অধিকার দেওয়া।