জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ছাত্রদল নেতা ও পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থী যুবায়েদ হোসেন হত্যার প্রতিবাদে রাজশাহী কলেজে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার বেলা সারে সাড়ে ১১টার দিকে রাজশাহী কলেজ লাইব্রেরির সামনে থেকে শুরু হওয়া বিক্ষোভ মিছিলটি জাদুঘর মোড় ঘুরে প্রশাসনিক ভবনের সামনে এসে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশে ছাত্রদল নেতাকর্মীরা অংশ নেন।
সমাবেশে বক্তারা বলেন, ৫ আগস্টের পর আমরা ভেবেছিলাম দেশে একটি নিরাপদ ও শান্তিপূর্ণ পরিবেশ ফিরে আসবে। কিন্তু তার উল্টোটা ঘটছে একটির পর একটি হত্যাকাণ্ডে ছাত্রদল নেতাকর্মীরা টার্গেটে পরিণত হচ্ছেন। সর্বশেষ যুবায়েদকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। যদি দ্রুত দোষীদের গ্রেপ্তার করে বিচার নিশ্চিত না করা হয়, তবে রাজপথে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।
বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন রাজশাহী কলেজ ছাত্রদলের আহ্বায়ক খালিদ বিন ওয়ালিদ আবির। এ সময় উপস্থিত ছিলেন যুগ্ম আহ্বায়ক রাশিফুজ্জামান প্রীতম, ছাত্রনেতা সামিউল ইসলাম শিমুল, জাহিদ হাসান, আবু মুসা, রুহুল আমিন, সৌরভ প্রামাণিক, জুবায়ের রশিদ, মিজানুর রহমান, উজ্জ্বল মিয়া, মো. শাকিল, কেলভিন, এবং বোয়ালিয়া থানা পশ্চিম ছাত্রদলের সদস্য সচিব নেহাল আহমেদ রায়হানসহ অন্যান্য নেতাকর্মীরা।
উল্লেখ্য, গত রোববার (১৯ অক্টোবর) সন্ধ্যায় পুরান ঢাকার আরমানিটোলার পানির পাম্প গলির একটি বাসা থেকে যুবায়েদ হোসেনের রক্তাক্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত জোবায়েদ ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। তার গ্রামের বাড়ি কুমিল্লায়। তিনি কুমিল্লা জেলা ছাত্র কল্যাণ সমিতির সভাপতি ও জবি ছাত্রদল আহ্বায়ক কমিটির সদস্য ছিলেন।