• ঢাকা, বাংলাদেশ মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১১:৫০ অপরাহ্ন
শিরোনাম
রাজশাহী কলেজে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন রাজশাহীতে সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন বরেন্দ্র যুব এগ্রোইকোলজি সম্মেলন উপলক্ষে ১৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন ৭ নভেম্বর ১৯৭৫ : আমার চোখে সিপাহি-জনতার বিপ্লব বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ভিইউ সাইফিউশন কৃষকের সার পাচার ও অপচয় ঠেকাতে নজরদারির আহ্বান কৃষিমন্ত্রীর পবায় নিজ উদ্যোগে শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র ও নগদ অর্থ বিতরণ শিশুর পুষ্টিই জাতির শক্তি,আমাদের করণীয় ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতায় তানযীমুল উম্মাহর ৬ শিক্ষার্থীর ৯ পুরস্কার জেলা পুলিশের অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

রাকসু নির্বাচন: ভোটারের ৩৯ শতাংশই নারী হলেও প্রার্থীতা ঘোষণা মাত্র দু’জনের

নিজস্ব প্রতিবেদক
সর্বশেষ: সোমবার, ১৮ আগস্ট, ২০২৫

৩৫ বছর পর অনুষ্ঠিত হতে যাচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু)। এদিকে রাকসু নির্বাচন ঘিরে উত্তেজনায় মুখর রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। যেখানে পুরুষ শিক্ষার্থীরা একের পর এক প্রার্থীতা ঘোষণা করছেন, সেদিকে নারীরা থাকছেন আড়ালে। এবার রাকসু নির্বাচনে ভোট দেবেন ২৫ হাজারের বেশি শিক্ষার্থী, যার মধ্যে প্রায় ৩৯ শতাংশই নারী। কিন্তু প্রার্থিতা ঘোষণার তালিকায় এখন পর্যন্ত নাম এসেছে মাত্র দুজন নারী শিক্ষার্থীর।
২৪- এর কোটা সংস্কার আন্দোলনে পুরুষদের পাশাপাশি সামনের সারিতে থাকা নারীরাই এবার নীরব রাকসু নিয়ে। সাইবার বুলিং, চরিত্রহনন ও অনিরাপদ নির্বাচনী পরিবেশকে কারণ হিসেবে দেখাচ্ছেন অনেক নারী শিক্ষার্থী। সংখ্যার হিসাবে নারীদের অংশগ্রহণ একেবারেই নগণ্য হয়ে পড়ায় রাকসুতে কারা করবে নারী প্রতিনিধিত্ব সে নিয়ে উঠছে প্রশ্ন ।
আগামী ১৫ সেপ্টেম্বর অনুষ্ঠেয় রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু), হল সংসদ ও সিনেটের শিক্ষার্থী প্রতিনিধি নির্বাচন ঘিরে সম্ভাব্য প্রার্থী , প্যানেল নিয়ে চলছে নানান আলোচনা ও বিশ্লেষণ। সামাজিক মাধ্যম থেকে চায়ের আড্ডা, সবখানেই সরব পুরুষ শিক্ষার্থীরা। কিন্তু নারীদের নিয়ে আলোচনা তুলনামূলকভাবে নেই বললেই চলে।
খোঁজ নিয়ে জানা গেছে, এবারের রাকসু নির্বাচনের মনোয়ন বিতরণ শুরু হবে আগামী ২০ আগস্ট থেকে। তবে এখন পর্যন্ত দুজন নারী শিক্ষার্থী সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তাদের প্রার্থিতা ঘোষণা করেছেন। তারা হলেন, বাংলা বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী নাদিরা নিশা এবং মন্নুজান হলের আবাসিক শিক্ষার্থী আফরিন জাহান।
বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষক ও ছাত্রীরা বলছেন, নারী প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেওয়ার মতো পরিবেশ এখনও ক্যাম্পাসে তৈরি হয়নি। সাইবার বুলিং, ব্যক্তিগত আক্রমণ ও সম্মানহানির আশঙ্কা নারীদের নিরুৎসাহিত করছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন যদিও ‘এন্টি সাইবার বুলিং সেল’ গঠনের আশ্বাস দিয়েছিল, তা এখনও বাস্তবায়ন হয়নি।
গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী নাদিয়া হক মিথি বলেন, অনেক প্রতীক্ষার পর রাকসু নির্বাচন অবশেষে হচ্ছে। রাবির নারী শিক্ষার্থীরা শুরু থেকেই রাকসু নির্বাচনের পক্ষে গলা তুলেছে তবে অনেক নারী শিক্ষার্থীই এখনো রাকসু সম্পর্কে সুস্পষ্ট জ্ঞান রাখে না। অনেকেই রাজনৈতিকভাবে সচেতন না। বর্তমানে দেশের রাজনৈতিক পরিস্থিতি এবং শৃঙ্খলাহীন সমাজের প্রভাবে অনেক নারী শিক্ষার্থী রাকসু নির্বাচনে প্রার্থী হতে অথবা নেতৃত্বের মঞ্চে দাঁড়াতে ভয় পাচ্ছে।
তিনি বলেন, অনেকেই নির্বাচন চলাকালীন এবং পরবর্তী ক্যাম্পাসের অবস্থা এবং নিরাপত্তা নিয়ে শঙ্কায় আছে। ক্যাম্পাসের নারী শিক্ষার্থীদের যদি আরো জোরালোভাবে নিরাপত্তা নিশ্চিত করা যায় এবং প্রশাসনিক হস্তক্ষেপে তাদের উদ্বুদ্ধ করা যায় তাহলে রাকসু নির্বাচনে অংশগ্রহণ করতে আরও অনেকেই সাহস পাবে আমি মনে করি।
বিশ্ববিদ্যালয়ে কর্মরত নারী সাংবাদিক ফাহিমা করিম বন্যা বলেন, রাকসু নির্বাচন নিয়ে নারীদের মধ্যে যে পরিমাণ আগ্রহ থাকার কথা ছিল, তা এখনো তেমনভাবে দেখা যাচ্ছে না। অনেক শিক্ষার্থী রাকসুর কাঠামো, পদ সংখ্যা কিংবা কার্যক্রম সম্পর্কে যথেষ্ট জানেন না। এ কারণে প্রার্থী হতে দ্বিধায় আছেন অনেকে। আবার কেউ কেউ বিষয়টিকে রাজনৈতিক নির্বাচনের মতো ভেবে পরিবার থেকে নিরুৎসাহিত হচ্ছেন। রাকসু কী এবং শিক্ষার্থীদের জন্য এর গুরুত্ব কতটা এসব বিষয়ে সচেতনতা তৈরি করতে হবে। পাশাপাশি নিরাপদ ও সম্মানজনক পরিবেশ নিশ্চিত করা গেলে নারী প্রার্থীর সংখ্যা স্বাভাবিকভাবেই বাড়বে।
নাম প্রকাশে অনিচ্ছুক এক নারী শিক্ষার্থী বলেন, ‘নির্বাচনে অংশ নেওয়ার ইচ্ছা আমারও আছে। কিন্তু নির্বাচনে দাঁড়ালেই সামাজিক মাধ্যমে ব্যক্তিগত জীবন নিয়ে নানা ধরনের আপত্তিকর মন্তব্য, এমনকি আমার ছবি এডিট করে বাজেভাবে প্রচার করার মতো ঘটনাও ঘটতে পারে। এই মানসিক চাপ সহ্য করে নির্বাচন করাটা কঠিন।’ নাম প্রকাশে অনিচ্ছুক আরেক শিক্ষার্থী বলেন, ‘পুরুষ প্রার্থীরা রাজনৈতিক সমালোচনা করেন, কিন্তু নারী প্রার্থী হলে সেই সমালোচনা সরাসরি চরিত্র ও ব্যক্তিগত জীবনে চলে যায়। এই অসম্মানজনক পরিস্থিতি এড়াতেই অনেকে চুপ করে আছি।’
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সহ-সমন্বয়ক তাসিন খান বলেন, “ক্যাম্পাসে নারী প্রার্থীদের জন্য উপযুক্ত পরিবেশ নেই। নির্বাচন ঘিরে উত্তপ্ত পরিস্থিতি সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। নির্বাচনের সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে ‘পরিবেশ পরিষদ’ গঠনের দাবি উঠলেও সেটি বাস্তবায়ন হয়নি। আমার ধারণা, এজন্য আমার মতো অনেকেই নির্বাচনে অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তায় আছে।”
এ বিষয়ে জানতে চাইলে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. ফারহাত তাসনিম বলেন, পুরুষ শিক্ষার্থীদের জন্য যতটা সহজ, নারী শিক্ষার্থীদের জন্য ততটা সহজ নয়। নারী শিক্ষার্থীরা নানা সময় সাইবার বুলিংয়ের শিকার হয়, এটা শুধু রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সমস্যা না, এটা পুরো সোসাইটির সমস্যা। তবে সবকিছু মোকাবিলা করে মেয়েদের এগিয়ে আসতে হবে। তিনি আরও বলেন, সবাই হয়তো নির্বাচনে আসবে না, যারা আসবে, তাদেরকে আমরা সর্বোচ্চ সাপোর্ট দিবো। তবে ছাত্ররাজনীতি ছাত্ররাজনীতির মতোই থাকা উচিত, তারা ভালো ক্লাসরুম, ভালো পড়ালেখার ব্যবস্থা, কর্মমুখী শিক্ষার জন্য আন্দোলন করবে। কিন্তু অন্যায় আবদার, শিক্ষার পরিবেশ নষ্ট করে, এমন রাজনীতি অবশ্যই আমরা চাই না।
নির্বাচন নিয়ে নারী শিক্ষার্থীদের নিরাপত্তা শঙ্কার বিষয়ে রাকসুর প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. আমজাদ হোসেন বলেন, নারী শিক্ষার্থীরা ভোটে অংশগ্রহণ করবে; তাদের তো কেউ বাধা দিচ্ছে না। এখানে নারী-পুরুষ আলাদা করার কিছু নেই, সবাই শিক্ষার্থী। এখন পর্যন্ত কোনো সাইবার বুলিং বা নিরাপত্তা সম্পর্কিত আনুষ্ঠানিক অভিযোগ আমাদের কাছে আসেনি। শিক্ষার্থীরা মৌখিকভাবে বুলিংয়ের কথা বললেও, কোনো নারী শিক্ষার্থী বা হল প্রশাসন আমাদের কাছে বা প্রক্টর অফিসে কোনো অভিযোগ করেনি। ক্যাম্পাসে সকল শিক্ষার্থীর জন্য ভোটের পরিবেশ সুষ্ঠু রয়েছে। তিনি আরও জানান, রাকসু সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা থাকবে। ক্যাম্পাসের সকল সংগঠনই নিরাপত্তা নিশ্চিত করার কথা বলেছে। আমরা পুলিশ কমিশনারকে ডেকে তাদের সাথে মিটিং করেছি, তারা সব ধরনের পুলিশি সহায়তা দিবে। শৃঙ্খলা-বহির্ভূত কান্ডে কেউ জড়িত থাকলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

Advertisements


আরো খবর