নওগাঁর পত্নীতলা উপজেলার ছালিগ্রামের বুড়িদহ বিল থেকে মো. মিজানুর রহমান মিতু (৪৩) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ।
রোববার দুপুরে তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা মর্গে প্রেরণ করা হয়। নিহত মিজানুর রহমান পত্নীতলার নজিপুর পৌরসভার ৯নং ওয়ার্ড কাউন্সিলর ও নজিপুর পৌর আওয়ামী লীগের ১নং যুগ্ম সাধারণ সম্পাদক ও বড়চাঁদপুর গ্রামের আফসার আলীর ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, নিহত মিজানুর রহমান একজন নেশাগ্রস্ত ব্যক্তি। সে দীর্ঘদিন ধরে মদ পান করে আসছে। আজ দুপুরের আগে তার মরদেহ বুড়িদহ বিলে ভেসে ওঠে। তারা মরদেহটি দেখতে পেয়ে তাৎক্ষণিকভাবে পত্নীতলা থানা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহটি উদ্ধার করে নিয়ে যায়।
সত্যতা নিশ্চিত করে পত্নীতলা থানার অফিসার ইনচার্জ মোজাফফর হোসেন বলেন, অতিরিক্ত মদ্যপানে নেশাগ্রস্ত অবস্থায় পানিতে ডুবে মিজানুর রহমানের মৃত্যু ঘটতে বলে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে। তবে ময়নাতদন্তের রিপোর্ট এলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।