নওগাঁয় পৃথক স্থানে বজ্রপাতে দুইজনের মৃত্যু হয়েছে। নিহতরা হলেন, জেলার নিয়ামতপুরের মারুফ হোসেন (১৪) ও মহাদেবপুরের রণাইল গ্রামের মো. আনোয়ার হোসেন (৩৭)।
গতকাল বৃহস্পতিবার বিকালে মর্মান্তিক এ দূর্ঘটনা ঘটে। নিহত মারুফ হোসেন নিয়ামতপুর উপজেলার পীরপুর গ্রামের হারুনের ছেলে এবং নিহত আনোয়ার হোসেন মহাদেবপুর উপজেলার রণাইল গ্রামে বাসিন্দা।
স্থানীয় সূত্রে জানা যায়, মারুফের বাবার দারিদ্রতার কারণে তাদের ঘোড়া নিয়ে অন্যের জমিতে মই দেওয়ার কাজ করতো। অন্যান্য দিনের মতো বৃহস্পতিবার বিকাল সাড়ে ৫ টার দিকে মারুফ হোসেন তার বাবার সাথে জমিতে মই দিতে যায়। এসময় হঠাৎ করে বৃষ্টি শুরু হয়। এরই মাঝে বজ্রপাত ঘটলে ঘটনাস্থলেই মারুফের মৃত্যু হয়।
অপর দিকে জেলার মহাদেবপুর উপজেলার রণাইল গ্রামের বাসিন্দা আনোয়ার হোসেন বৃহস্পতিবার বিকেলে বৃষ্টির মধ্যে তার বাড়ির পাশের একটি জমিতে পাওয়ার টিলার দিয়ে চাষ করার সময় হটাৎ বজ্রপাত ঘটলে পাওয়ার টিলার থেকে ছিটকে পরে ওই জমিতেই সে মারা যায়। পরে স্থানীয়রা খালি পাওয়ার টিলার দাঁড়িয়ে থাকতে দেখে ঘটনাস্থলে এসে মাটিতে তার মরদেহ পড়ে থাকতে দেখে। তাৎক্ষণিকভাবে তারা থানায় সংবাদ দিলে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।
সত্যতা নিশ্চিত করে মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ মো. রুহুল আমিন ও নিয়ামতপুর থানার অফিসার ইনচার্জ আল মাহমুদ বলেন, প্রাথমিক সুরতহাল প্রতিবেদন শেষে মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।