নওগাঁর নিয়ামতপুর উপজেলায় ভটভটি উল্টে দুই গরু ব্যবসায়ী নিহত হয়েছেন। সোমবার বেলা ১টার দিকে উপজেলা সদরের সাংশৈল ব্রিজ এলাকায় ছাতড়া হাটে গরু কিনতে যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আরও ১০ জন আহত হয়েছেন। দুর্ঘটনার খবর পেয়ে নিয়ামতপুর ফায়ার সার্ভিসের কর্মীরা হতাহতদের উদ্ধার করেন।
Advertisements

নিহতরা হলেন রসুলপুর ইউনিয়নের দামপুরা খাসপাড়া এলাকার শরীফ উদ্দিন (৫২) ও চৌরাপাড়া বনগাঁ গ্রামের তরিকুল ইসলামের ছেলে শামীম হোসেন (৩৩)।
পুলিশ ও পরিবার সূত্রে জানা গেছে, আজ সোমবার গরু কেনার জন্য ভটভটিযোগে উপজেলার ছাতড়া গরুর হাটে রওনা দেন ১২ গরু ব্যবসায়ী। উপজেলা সদরের সাংশৈল ব্রিজ এলাকায় পৌঁছালে ভটভটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই শরীফ উদ্দিনের মৃত্যু হয়। অন্যদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে শামীম হোসেনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।
নিয়ামতপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার ইনচার্জ শাহাদৎ হোসেন বলেন, আমার দুর্ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে গিয়ে আহতদের হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করি। বিষয়টি নিশ্চিত করেছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আল মাহমুদ। তিনি বলেন, দুর্ঘটনার সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।