রাজশাহীর বাঘায় মসজিদে আযান দেওয়াকে কেন্দ্র করে প্রতিপক্ষে হামলায় ২ জন আহত হয়েছে। তাদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। রোববার দুপুরে উপজেলার আড়ানী ইউনিয়নের উত্তর সোনাদহ পশ্চিমপাড়া গ্রামে এই ঘটনা ঘটেছে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, আড়ানী ইউনিয়নের উত্তর সোনাদহ পশ্চিমপাড়া গ্রামে মসজিদ পরিচালনা কমিটির সভাপতি মহিদুল ইসলাম ও সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিঠু মধ্যে দীর্ঘদিন ধরে সামাজিক নের্তৃত্ব দেওয়া নিয়ে দ্বন্দ্ব চলছিল। সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিঠুর ভাতিজা জিনারুল ইসলাম রোববার যোহরের নামাজের সময় হওয়ার ১০ মিনিট আগে আযান আযান দেন।
এ নিয়ে জিনারুলের সাথে মসজিদের শামসুল ইসলামের ইমামের সাথে তর্কাতর্কি হয়। এ কথা শুনে মসজিদ কমিটির সদস্য শহিদুল ইসলাম সেন্টু ও মানিক হোসেন এগিয়ে আসেন। তাদের সাথেও তার কথা কাটাকাটি হয়। পরে মিজানুর রহমান মিঠুর পক্ষের জিনারুল ইসলাম তার বাবা আবুল ফজল ভাই তামিম হোসেন, চাচা আব্দুর রশিদ, মসলেম হোসেন, তুজাম হোসেন ও চাচাতো মজনু আলী লাঠিসোটা ও সাবল নিয়ে মসজিদ কমিটির সদস্য শহিদুল ইসলাম সেন্টু (৪২) ও মানিকের হোসেন (৩৫) উপর হামলা করে। এ হামলায় তারা গুরুতর আহত হয়।
আহত অবস্থায় তাদের উদ্ধার করে প্রথমে চারঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর মধ্যে শহিদুল ইসলাম সেন্টুর নাক ও মুখ দিয়ে রক্তবের হচ্ছে। বিকাল সাড়ে ৬টা পর্যন্ত শহিদুল ইসলামের জ্ঞান ফিরেনি তার শারীরিক অবস্থা সংকটাপন্ন বলে জানিয়েছেন হাসপাতালে অবস্থারত আত্নীয় ও মসজিদ কমিটির সভাপতি মহিদুল ইসলাম।
এ বিষয়ে মসজিদ কমিটির সভাপতি মহিদুল ইসলাম ও স্থানীয় সেলিম উদ্দিন বলেন, আবদুর রশিদ, ফজল হোসেন, মসলেম উদ্দিন, মিঠু দীর্ঘদিন থেকে মসজিদকে কেন্দ্র দ্বন্দ্ব ফ্যাসাদ করে আসছেন। সমাজের ১১০ পরিবার একত্রিত হয়ে তাদের সমাজ থেকে আলাদা করে দেওয়া হয়েছে। এরপর থেকে তারা আরো বেপরোয়া হয়ে মসজিদে গিয়ে সময়ে অসময়ে দ্বন্দ্ব করে।
মসজিদের সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিঠু বলেন, তারা এককভাবে সমাজের নেতৃত্ব দিয়ে চাই। এর প্রতিবাদ করায় তারা একত্রি হয়ে আমাদের সমাজ থেকে আলাদা করে রেখেছে। আমার ভাতিজা আযান দিতে গেলে তারা আযান নিষেধ করে বাধা দেন। এ নিয়ে মসজিদের ইমাম ও তাদের সাথে তর্কবিতর্কের এক পর্যায়ে একটি অপ্রীতিকর ঘটনা ঘটেছে।
এ বিষয়ে মসজিদের ইমাম শামসুল ইসলাম বলেন, আমি বাইরে থেকে এখানে এসে ইমামতি করি। যখন তখন এসে সময় হওয়ার আগে জিনারুল মসজিদে এসে আযান দেন। এ নিয়ে নিষেধ করায় আমাকে আক্রমণ করে। বিষয়টি কমিটিকে জানালে দুই সদস্য এগিয়ে আসলে তাদের উপর হামলা করে। এ বিষয়ে বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বলেন, খবর জানার সাথে সাথে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। তবে এ বিষয়ে কেউ কোন অভিযোগ করেনি। অভিযোগ করলে ব্যবস্থা নেওয়া হবে।