বিয়ে করা হলো না এনজিও কর্মী মো. জসিম উদ্দীন (২৩) এর। তার আগেই দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে সড়কে ঝরলো তার প্রাণ। মর্মান্তিক এ দূর্ঘটনা ঘটে বৃহস্পতিবার বেলা ১১ টার দিকে নওগাঁর মহাদেবপুরের খাজুর ইউপির দেবীপুর মোড়ে।
নিহত জসিম উদ্দীন চাঁপাই নবাবগঞ্জ জেলার গোমস্তাপুর উপজেলার বেগমনগর গ্রামের শফিকুল ইসলামের ছেলে ও প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির মহিষবাথান শাখার প্রশিক্ষণার্থী জুনিয়র অফিসার ছিলেন।
স্থানীয় ইউপি সদস্য মো. আনোয়ার হোসেন জানান, নিহত জসিম উদ্দীনের আগামীকাল শুক্রবার বিয়ে হওয়ার কথা ছিল। এ জন্য তিনি অফিস ছুটি নিয়ে মোটরসাইকেল যোগে বাড়িতে যাচ্ছিলেন। পথিমধ্যে ঘটনাস্থল দেবীপুর মোড়ে পৌঁছালে গ্রামের মধ্যে থেকে উঠে আসা দ্রুতগামী একটি মোটরসাইকেল তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। জসিম উদ্দিন গত বছরের জানুয়ারি মাসে প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটিতে চাকুরীতে যোগদান করেন।
এ ব্যাপরে থানার অফিসার ইনচার্জ মো. রুহুল আমিন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, নিহতের স্বজনরা ঘটনাস্থল থেকেই তার মরদেহ বাড়িতে নিয়ে গেছেন। বিষয়টি নিয়ে থানায় কেউ কোন অভিযোগ করেননি।